Tuesday, 26 April 2011

৫৫ ভাগ কোটায় মেধাশূন্য প্রশাসন






কাদের গনি চৌধুরী

সরকারি চাকরিতে ৫৫ ভাগ কোটা চালু হওয়ায় বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। ফলে প্রশাসন মেধাশূন্য হয়ে পড়ছে। একই সঙ্গে বাড়ছে দলবাজি। মাত্র ৪৫ ভাগ রাখা হয়েছে মেধা কোটা। সেখানেও আবার দলীয়করণ আর তদবির। এতে মেধাবীরা শেষ পর্যন্ত টিকতে পারছেন না প্রতিযোগিতায়। লিখিত পরীক্ষায় টিকলেও কোটার কারণে বাদ পড়ছেন মৌখিক পরীক্ষায়। পিএসসি সূত্রে জানা যায়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদগুলোতে ৫৫ ভাগই নিয়োগ দেয়া হয় নির্ধারিত কোটা পদ্ধতিতে। এর মধ্যে মুক্তিযোদ্ধা এবং উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র ও কন্যা ৩০ ভাগ, মহিলাকোটা ১০ ভাগ, উপজাতি কোটা ৫ ভাগ এবং জেলা কোটা ১০ ভাগ হিসাবে নিয়োগ দেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র সাইদুর রহমান আমার দেশকে জানান, তিনি দু’বার বিসিএস পরীক্ষা দিয়েছেন। দু’বারই মৌখিক পরীক্ষায় বাদ পড়েছেন। অথচ তারই আরেক ইয়ারমেট তার চেয়ে অনেক খারাপ ফলাফল করার পরও কোটার সুযোগ নিয়ে প্রথমবারই চাকরি পেয়ে গেছেন। সাইদুর তার কষ্টটা প্রকাশ করলেন এভাবে—‘তাহলে ওর চেয়ে বেশি পড়ালেখা ও ভালো রেজাল্ট করে লাভটা হলো কি?’ সাইদুরের মতো এমন অভিযোগ অনেক মেধাবীরই। সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায়ও ঘটেছে একই ঘটনা। পরীক্ষার্থীদের অভিযোগ, অনেক প্রার্থী ৭০ নম্বর পেয়েও বাদ পড়েছেন। অথচ কোটার সুবাদে অনেকে ৬০ পেয়েই মৌখিক পরীক্ষার জন্য ডাক পেয়েছেন।
কোটা প্রথা তুলে দেয়ার দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনও করেছে ছাত্রছাত্রীরা। পিএসসিও বলছে এতে সংস্কার দরকার। এরপরও কোটা থাকছেই। এ ব্যাপারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল আমার দেশকে বলেন, কোটা প্রথা নিয়ে চিন্তা-ভাবনা করার সময় এসে গেছে। দানছদকা নিয়ে আর যাই হোক প্রশাসন চালানো যাবে না।
জানা গেছে, প্রতি বছর বিসিএস-এ সাধারণত ৭ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষা পর্যন্ত যেতে পারে। এই হিসাবে সরকারের নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী থাকার কথা ২১০০ জন। কিন্তু অনেক সময় দেখা যায়, মৌখিক পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্য থেকে যেতে পারে মাত্র ৪০০ থেকে ৫০০ জন। অথচ মেধা কোটায় ৭ হাজারের মধ্যে ৬ হাজার গেলেও জেনারেল ক্যাডারে চাকরি হয় মাত্র ২০০ থেকে ৩০০ জনের। ২৯তম বিসিএসে ১ লাখ ২৩ হাজার ৯৪৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ৭২১৭ জন প্রার্থী পাস করে। ১৭ আগস্ট থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষায় ৬৫২৩ জন প্রার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬৯৪ জন। এদের মধ্যে ৫০৬২ জন চূড়ান্তভাবে পাস করলেও ক্যাডার পদে নিয়োগ পাচ্ছে মাত্র ১৭২২ জন। পিএসসি সূত্রে জানা যায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও শূন্য পদের সংখ্যা কম থাকায় সবাইকে বিসিএস ক্যাডার পদে সুপারিশ সম্ভব হয়নি। অথচ মুক্তিযোদ্ধা কোটায় লোক না পাওয়ায় ৫৩৮টি পদ খালি থাকছে। এছাড়া উপজাতি ১১১ ও মহিলা কোটায় ৮১টি পদ পূরণ করা যাচ্ছে না। মোট অপূরণকৃত পদের সংখ্যা ৭৯২টি। ২৮তম বিসিএসেও ঘটেছে একই ঘটনা। মুক্তিযোদ্ধার
সন্তানদের নির্ধারিত কোটায় পূরণ হয়েছে শতকরা ১৯ ভাগ। বাকি ১১ ভাগ এখনও পূরণ হয়নি। ভ্যাট ও রাজস্ব অধিদফতরে সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগের জন্য জানুয়ারিতে বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে ১৫২টি পদের কথা উল্লেখ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষাশেষে ফল প্রকাশিত হয় গত ১৪ ফেব্রুয়ারি। সরকারি নিয়ম অনুযায়ী শতকরা ৩০ ভাগ হিসাবে ১৫২ জনের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান থাকার কথা ৪৫ জন। অথচ পাওয়া গেছে মাত্র ৪ জন। ৪১টি খালি রয়েছে। শতকরা ৫ ভাগ হিসেবে ৭ জন উপজাতির মধ্যে প্রার্থী ছিল না একজনও। সব মিলিয়ে নিয়োগ হয়েছে ১০৪ জনের, আর ৪৮টি পদ পূরণ করা সম্ভব হয়নি। ২০১০ সালে ২৬২৭ জন নার্স নিয়োগ দেয়া হয়। নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ ছিল ৭৩৭টি পদ। অথচ পর পর ৩ বার বিজ্ঞপ্তি দিয়ে মাত্র ১৮ জন মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া গেছে। বাকি ৭১৯টি পদ খালি থাকার পরেও কাউকে নিয়োগ দেয়া যাচ্ছে না।
আগে সরকারি চাকরির যে নীতিমালা ছিল সেখানে বলা ছিল মুক্তিযোদ্ধা, মহিলা কিংবা উপজাতি কোটায় লোক পাওয়া না গেলে মেধাতালিকা থেকে তা পূরণ করা যাবে। কিন্তু ২০১০ সালে সরকার যে আইন পাস করেছে তাতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের সন্তান পাওয়া না গেলে প্রয়োজনে পদ খালি থাকবে। নতুন নিয়মের কারণে বিসিএসসহ সব চাকরির ক্ষেত্রে হাজার হাজার পদ খালি থাকছে অথচ সেখানে মেধাবীরা সুযোগ পাচ্ছেন না ।
সরকারি চাকরিতে মেধাবীদের ঠাঁই না হওয়ায় সরকারি কর্মকমিশনও উদ্বিগ্ন বলে সেখানকার কর্মকর্তারা জানান। পিএসসির বার্ষিক প্রতিবেদনেও উদ্বেগের কথা ফুটে উঠেছে। সর্বশেষ পিএসসির ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদনে সরকারি চাকরিতে প্রচলিত কোটা নীতিমালা প্রয়োগে জটিলতার কথা উল্লেখ করে এ পদ্ধতি সরলীকরণের সুপারিশ করা হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংসদকার্যে সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়, ‘মুক্তিযোদ্ধা, মহিলা, উপজাতি প্রাধিকার কোটাসমূহ জাতীয় পর্যায়ে বণ্টন করা যেতে পারে। অর্থাত্ প্রাধিকার কোটাসমূহকে পুনরায় জেলা/বিভাগভিত্তিক ভাগ করা যাবে না বা জনসংখ্যার ভিত্তিতে প্রাপ্য পদের সর্বোচ্চ সংখ্যা দ্বারা সীমিত করা যাবে না। এ ধরনের কোটার পদসমূহ জাতীয়ভিত্তিক নিজস্ব মেধাক্রম অনুযায়ী কোটায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বণ্টন করা যেতে পারে। কোটা বণ্টনের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, কমিশন মনে করে, বর্তমান কোটা সংক্রান্ত নীতিমালার প্রয়োগ অত্যন্ত জটিল, দুরূহ ও সময়সাপেক্ষ। প্রচলিত পদ্ধতির জটিলতার কারণে উপযুক্ত প্রার্থী নির্বাচন শতভাগ নিখুঁতভাবে সম্পাদন করা প্রায় অসম্ভব।
প্রতিবেদনে বলা হয়, বিবিধ ক্যাডার, প্রার্থীদের বিবিধ চাকরির পছন্দক্রম এবং বিবিধ কোটার সঙ্গে বিভিন্ন জেলা ও বিভাগের জন্য আরোপিত সংখ্যাগত সীমা এমন একটি জটিলতার সৃষ্টি করেছে, যার নির্ভুল সমাধান নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব নয়। এ পরিপ্রেক্ষিতে কমিশন মনে করে, বিসিএস পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী মনোনয়নের জন্য বর্তমানে প্রচলিত কোটা প্রয়োগ পদ্ধতির সরলীকরণ অপরিহার্য।
প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ে নির্ভুলভাবে বিসিএস পরীক্ষাসহ নন-ক্যাডার, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে কোটা প্রয়োগ পদ্ধতি সহজ করা প্রয়োজন। অন্যথায় কোটা প্রয়োগ সংশ্লিষ্ট জটিলতা থেকে উত্তরণ সম্ভব নয়।
এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খান আমার দেশকে বলেন, ‘সরকারি চাকরিতে র্বতমানে যে ৫৫ শতাংশ প্রাধিকার কোটা রয়েছে তা সংবিধান পরিপন্থী বলে আমি মনে করি। কারণ, সংবিধানে মেধাবীদের চাকরি দেয়ার কথা বলা হয়েছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। কিন্তু তা কোনোভাবেই মেধা কোটার বেশি হতে পারে না। তাই পিএসসি যে সুপারিশ করেছে অর্থাত্ ৫০ শতাংশ মেধা ও ৫০ শতাংশ প্রাধিকার কোটার মাধ্যমে চাকরির নিয়োগ দিতে হবে, তা খুবই যৌক্তিক। তিনি বলেন, কোটার ব্যাপারে ভারতের সুপ্রিমকোর্টের একটি রুলিং রয়েছে। তাতে বলা হয়েছে, কোটা ৫০ শতাংশের বেশি হতে পারবে না।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ১৯৭২-৭৩ সালে যখন কোটা পদ্ধতি চালু করা হয়েছিল তখন দেশে জেলার সংখ্যা ছিল মাত্র ১৭টি। র্বতমানে ৬৪ জেলা হওয়ায় তা বিন্যাস করা খুবই দুরূহ। এর পরিবর্তে বিভাগ হিসেবে আঞ্চলিক কোটা প্রবর্তন করা হলে অপেক্ষাকৃত বেশি মেধাবীরা চাকরির সুযোগ পাবেন।
কোটা ব্যবস্থার অসঙ্গতি নিয়ে বিভিন্ন গবেষণায়ও প্রশ্ন তোলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. আকবর আলি খান এবং সাবেক সচিব কাজী রকিবুদ্দিন আহমাদ ২০০৮ সালের মার্চ মাসে ‘কোটা সিস্টেম ফর সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট : এন এক্সপ্লোরেটার’ শীর্ষক একটি গবেষণাকর্ম সম্পাদন করেন। ওই গবেষণায় সংবিধান, বিভিন্ন আইন ও নীতিমালা এবং অন্য দেশের তুলনামূলক অবস্থা পর্যালোচনা করে সরকারি চাকরিতে নিয়োগে বিদ্যমান অধিকাংশ কোটাকে সংবিধান ও ন্যায়নীতির পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই গবেষণায়ও বলা হয়েছে, মেধার ভিত্তিতে মাত্র শতকরা ৪৫ জনকে নিয়োগ সংবিধানসম্মত নয়। সংবিধান বৈষম্যহীনতার কথা বলেছে এবং ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম হিসেবে (যেমন, সমাজের অনগ্রসর শ্রেণীর জন্য) কোটাকে অনুমোদন করেছে। ব্যতিক্রমী নিয়োগ (শতকরা ৫৫ ভাগ) কখনও সাধারণ নিয়োগের (শতকরা ৪৫ লাভ) চেয়ে বেশি হতে পারে না। পিএসসি এ গবেষণাকর্মটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছিল।
এতে বলা হয়, সংবিধানের ২৯(৩) অনুচ্ছেদ নাগরিকদের ‘অনগ্রসর অংশের’ জন্য চাকরিতে বিশেষ কোটা প্রদান অনুমোদন করেছে। কিন্তু সংবিধান ‘অনগ্রসর অঞ্চলের’ জন্য কোনো কোটাকে অনুমোদন করে না। ভারতীয় সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ অনুসারে এ ধরনের কোটার সুবিধা ভোগ করে অনগ্রসর অঞ্চলের অপেক্ষাকৃত বিত্তবান ও সচ্ছল শ্রেণী, যাদের অবস্থা অন্যান্য অঞ্চলের অনেক মানুষের চেয়ে উন্নত। ফলে জেলা কোটার সাংবিধানিক ভিত্তি সন্দেহজনক।
গবেষণায় মুক্তিযোদ্ধাদের জন্য কোটার কোনো আইনগত ভিত্তি নেই উল্লেখ করে বলা হয়, এই কোটা কেবল তখনই যৌক্তিক হবে যদি প্রমাণ করা যায় যে, মুক্তিযোদ্ধারা নাগরিকদের মধ্যে অনগ্রসর অংশ। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এই কোটার ভিত্তি আইনগতভাবে আরও দুর্বল। নারী ও উপজাতি কোটার ব্যাপারে গবেষণায় বলা হয়, সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদ অনুসারে নারী ও উপজাতিদের জন্য কোটা সংরক্ষণ আইনসম্মত ও বৈধ। গবেষণাপত্রে বলা হয়, কোনো কোটাই চিরস্থায়ী হওয়া উচিত নয় এবং প্রতিটি কোটার প্রয়োজনীয়তা সময়ে সময়ে পর্যালোচনা করা উচিত।
ড. খান ও রকিবের গবেষণা অনুসারে ১৯৭৭ সালে তত্কালীন পে ও সার্ভিস কমিশনের প্রায় সব সদস্য সরকারি নিয়োগে কোটা ব্যবস্থার বিরোধিতা করেন। কমিশনের সদস্যদের মধ্যে একমাত্র এম এম জামান কোটার পক্ষে অবস্থান নিলেও প্রচলিত কোটাসমূহ প্রথম ১০ বছর বহাল রেখে ১৯৮৭ থেকে পরবর্তী ১০ বছরে ধীরে ধীরে কমিয়ে দশম বছরে তা বিলুপ্ত করার পক্ষে মত দেন। অথচ ১৯৯৭ সালেই এই কোটাব্যবস্থাকে আরও সম্প্রসারিত করা হয় মুক্তিযোদ্ধার সন্তানদের এর আওতাভুক্ত করে। মুক্তিযোদ্ধা কোটাকে মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য সংরক্ষণ করা নানা বিবেচনায় একটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত ছিল।
কারণ হিসেবে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা সংরক্ষণ করায় এর বিরূপ প্রভাব পড়ছে বাদবাকিদের ওপর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৫ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দুই লাখ ১০ হাজার ৫৮১ জন মুক্তিযোদ্ধার পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে প্রায় ১০ লাখ ২১ হাজার ৩১৮ জন (গড় খানার আকার ৪ দশমিক ৮৫ ধরে)। সে হিসাবে মুক্তিযোদ্ধাদের সন্তানসন্ততির সংখ্যা দেশের জনসংখ্যার ৭ শতাংশের কম। এদের জন্য মোট শূন্যপদের ৩০ ভাগ সংরক্ষণ সমানুপাতিক নয়, যৌক্তিকও নয়। তা ছাড়া এই কোটা সংরক্ষণের কারণে একদিকে যেমন মেধাতালিকায় শীর্ষস্থানীয় একজন চাকরি থেকে বঞ্চিত হন, অন্যদিকে মেধাতালিকায় অধিকাংশের নিচে থেকেও কারও কারও গুরুত্বপূর্ণ পদে চাকরি হয়ে যায়। ফলে সার্বিকভাবে দেশ মেধাবী আমলাদের সেবা থেকে বঞ্চিত হয়।
তাছাড়া ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের নিয়োগের জন্য কোটা সংরক্ষণ করা হয় তারা যেন চাকরিতে প্রবেশের সুযোগ পান। সে কারণে তাদের বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করে ৩২ করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময়ে তাদের অবদান ও বিড়ম্বনার কথা বিবেচনা করে এটি একটি সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু বয়সের ঊর্ধ্বসীমার শিথিলতা স্বাধীনতার এক কিংবা দেড় দশক পর জন্ম নেয়া তাদের সন্তানের বেলায় প্রয়োগের কোনো যুক্তি নেই। এ প্রসঙ্গে আরো বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে তাদের জন্য নির্ধারিত পদসমূহ শূন্য রাখায় প্রশাসনিক সচলতাও ব্যাহত হচ্ছে। ২৮তম বিসিএসে পেশাগত ও কারিগরি ক্যাডারে বিভিন্ন কোটায় ৮১৩টি পদের জন্য কোনো যোগ্য প্রার্থীই পাওয়া যায়নি। ফলাফল প্রকাশের এক মাসেরও কম সময় আগে পরিবর্তন করা আইনের কারণে পিএসসি কর্তৃপক্ষ বাধ্য হয়েছে এই পদগুলো শূন্য রেখে দিতে। অথচ কোটাহীন শত শত মেধাবী চিকিত্সক, প্রকৌশলী উত্তীর্ণ হয়েও চাকরি পাননি।
ড. আকবর আলি খানের রিপোর্টে ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখানো হয়েছে, এ সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ৩০ ভাগ কোটার খুব সামান্যই পূরণ হয়েছে। যেমন ২১, ২২ ও ২৫তম বিসিএস পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখানো হয়েছে, এই বিসিএসগুলোতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত কোটার যথাক্রমে মাত্র ১০ দশমিক ৮, ২ দশমিক ২ ও ৫ দশমিক ২ ভাগ পূর্ণ হয়েছে। আর এই বিশাল সংখ্যার পদ অপূর্ণ থেকে যাওয়ার মূল কারণ হলো কারিগরি ও পেশাগত ক্যাডারে মুক্তিযোদ্ধার সন্তান কিংবা অন্যান্য কোটায় উপযুক্ত প্রার্থীর স্বল্পতা
।

আইন প্রতিমন্ত্রীর আত্মীয়স্বজন সবাই রাজাকার : বঙ্গবীর কাদের সিদ্দিকী










স্টাফ রিপোর্টার

কৃষক শ্রমিক জনতা লীগ চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আজ অনেকেই বড় বড় কথা বলছেন এবং মুক্তিযোদ্ধা হয়েছেন। কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার সময় তাদের পাওয়া যায়নি। সরকার একজনকে আইনের হাফ মন্ত্রী বানিয়ে রেখেছে। এই আইন প্রতিমন্ত্রী আইনের ‘অ’ জানেন কিনা সন্দেহ। তার আত্মীয়স্বজন সবাই রাজাকার ছিল। এখন তিনি আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী—দলে থাকলে মুক্তিযোদ্ধা না থাকলে রাজাকার।
গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) পার্বত্য শান্তিচুক্তির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের এক-দশমাংশ এই পার্বত্য চট্টগ্রাম আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশের অংশ থাকবে কিনা এ সন্দেহ এখন আমার মনে দানাবেঁধে উঠেছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ আবুল হাছান চৌধুরী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরীন কাদের চৌধুরী প্রমুখ। এতে সারা বাংলাদেশের শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় জানানো হয়, বর্ধিত সভায় আলোচনার ভিত্তিতে এ বছরই দলের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হবে।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গোটা জাতির সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচনের আগে আওয়ামী লীগ দেশের মানুষকে ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে এখন ৫০ টাকা কেজি চাল খাওয়াচ্ছে। এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেয়ার কারণে আজ দেশের প্রধানমন্ত্রীর কোনো সম্মান নেই। রাস্তার ফকিরও তাদের জঘন্য ভাষায় গালি দেয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, দেশের অবস্থা এখন ভালো নয়। সবকিছুই বিশৃঙ্খলায় ভরে গেছে। প্রতিদিন নারীর সম্মানহানি হচ্ছে। ’৭১-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যখন নারীর প্রতি অসম্মান করেছে তখন আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আজ প্রতিনিয়ত যে নারীর সম্মানহানি হচ্ছে এর কোনো প্রতিবাদ করতে পারছি না।
মহাজোট প্রসঙ্গে তিনি বলেন, যেদিন আওয়ামী লীগ স্বৈরাচারী এরশাদের সঙ্গে জোট করেছে সেদিনই আওয়ামী লীগের সম্মান চলে গেছে। গণতন্ত্রী এবং স্বৈরাচার এখন এক সঙ্গে বসে সরকার চালাচ্ছে। এতে করে ডা. মিলন, নূর হোসেনের আত্মা শান্তি পাচ্ছে!
লন্ডন প্রবাসী কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী সম্পর্কে তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর যে অত্যাচার করেছে— আবদুল গাফ্ফার চৌধুরী এদেশের মানুষের সঙ্গে তার চেয়েও বেশি অন্যায় করেছে কলমের মাধ্যমে। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধুকে যাচ্ছেতাই বলেছেন। আর আমি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় সেই আবদুল গাফ্ফার চৌধুরীকে আওয়ামী লীগ আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আওয়ামী লীগের বেয়াকুবরা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বানিয়ে তাকে ছোট করতে চাইছে। তার সম্মান হানি করতে চাইছে। আমি বেঁচে থাকতে জাতির জনককে ঘোষক হতে দেব না।
যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক নয়— পপুলার হওয়ার জন্য তারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছে।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে। শান্তিবাহিনী নামের সন্ত্রাসী গোষ্ঠীর দাবি ছিল সেখান থেকে বাঙালিদের প্রত্যাহার করা। কিন্তু শান্তিচুক্তিতে বিষয়টি উল্লেখ না থাকায় সরকার এটা করতে পারছে না। সবমিলিয়ে দেশের এক-দশমাংশ এই পার্বত্য চট্টগ্রাম আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশের অংশ থাকবে কিনা এ সন্দেহ এখন আমার মনে দানাবেঁধে উঠেছে।
তিনি বলেন, দেশ এখন বিপজ্জনক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেড় বছর পর দেশের ঘরে ঘরে বিদ্যুত্ এবং গ্যাস সঙ্কটের কারণে বিক্ষোভের আগুন জ্বলবে। ‘দেশ গ্যাসের ওপর ভাসছে’— দুই বছর আগে এমন কথা বলে দেশবাসীকে নাচানো হয়েছে। সে গ্যাসের কোনো হদিস এখন নেই। এখন সরকার গ্যাস-বিদ্যুত্ সমস্যার কথা বলে দেশবাসীকে নাচাচ্ছে। এই সমাধানের প্রতিশ্রুতিও কার্যত ভুয়া।
নাসরীন কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে আওয়ামী লীগ নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার কথা বলেছিল। কিন্তু এখন প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত সব শ্রেনীর মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। তিনি দলকে শক্তিশালী করার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান।

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ৩ আহত ১০ : ৪০টি বাড়িঘরে আগুন, ১৪৪ ধারা জারি









খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বড়পিলাকের কচুবাউন্তি এলাকায় গতকাল দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ভূমি বিরোধের জের ধরে পাহাড়ি-বাঙালি দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। তিনজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে ইউপিডিএফ রেমং মারমা নামে এক পাহাড়ি নিহত হওয়ার দাবি করেছে। নিহতরা হচ্ছে আইয়ুব আলী (৩৮), পিতা আবদুল আউয়াল, নোয়াব আলী (৬০), পিতা তেনা গাজী, সুনিল সরকার (৩০), পিতা নারায়ণ সরকার। এদের বাড়ি বড়পিলাক গ্রামে।
বাঙালিদের অভিযোগ, ৪/৫শ’ পাহাড়ি সন্ত্রাসী বাঙালিদের ঘেরাও দিয়ে কুপিয়ে হত্যা করে। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অপর ছয়জন মানিকছড়ি হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ-উত্কণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেককে ভয়ে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে দেখা গেছে। বিকাল ৪টা থেকে ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার জন্য পাহাড়ি-বাঙালি পরস্পরকে দায়ী করেছে। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় মানিকছড়ির মহামুনী এলাকায় ১০টি পাহাড়ি ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। রামগড় ও মানিকছড়ি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কচুবাউন্তি এলাকায় জয়নাল পিসির জমিতে ৮/১০ জন শ্রমিক আদা হলুদ লাগানোর জন্য কাজ করছিলেন। এ সময় পাশের চালাড়ংপাড়া ও রেমরংপাড়া গ্রামের ৪/৫শ’ পাহাড়ি সন্ত্রাসী শ্রমিকদের ঘিরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। সন্ত্রাসীরা এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। আগুনে উভয়পক্ষে ৪০টি বাড়িঘর ভস্মীভূত হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সহকারী পুলিশ সুপার রামগড় সার্কেল তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এ ঘটনার প্রতিবাদে বাঙালি ছাত্র পরিষদ আজ খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। তারা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন
।

ঘরে-বাইরে সঙ্কটে মহাজোট সরকার








স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এখন সমস্যার পাহাড়। সরকার, নিজ দল ও জোট-মহাজোট নিয়ে নতুন নতুন সঙ্কট মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে তাকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে মধ্যমেয়াদ পার করতে না করতেই নিত্যনতুন সমস্যা তাকে চেপে ধরেছে। সরকারের সকল কর্মকাণ্ড মূলত একব্যক্তিকেন্দ্রিক হওয়ায় প্রতিটি ক্ষেত্রে জটলা বেঁধে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শেযারবাজার কেলেঙ্কারি, বিদ্যুত্ ও গ্যাস সঙ্কট, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাজধানীর অসহনীয় যানজটসহ জনজীবনের অন্তহীন সমস্যা সমাধানে বলা যায় আ’লীগ সরকার পুরোপুরিই ব্যর্থ হয়েছে। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার, ড. ইউনূসকে অপসারণ, সংবিধান সংশোধন, নারীনীতিসহ স্পর্শকাতর ইস্যুতে হাত দিয়ে টালমাটাল হয়ে পড়েছে সরকার। এরই মধ্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন রিপোর্ট এবং বৈদেশিক সহায়তা পেতে দাতাগোষ্ঠীর কঠিন শর্তারোপ সরকারকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এদিকে সরকার আর দল একাকার হয়ে যাওয়ায় সাংগঠনিক স্থবিরতা ক্ষমতাসীন আওয়ামী লীগকে গ্রাস করে ফেলেছে। স্তিমিত হয়ে পড়ছে দলের রাজনৈতিক কর্মকাণ্ড। আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিনই নেমে যাচ্ছে উল্লেখ করে দলের মধ্যমসারির নেতৃত্ব থেকে অভিযোগ উঠেছে, প্রাচীন ও জনপ্রিয় দলটি আজ বামদল সিপিবি ও ন্যাপে রূপান্তরিত হচ্ছে। আওয়ামী লীগ বর্তমানে অতীতের যে কোনো অবস্থার তুলনায় দুর্বল—এমনটা দলের নীতিনির্ধারণী পর্যায় থেকেও স্বীকার করা হচ্ছে। কেবলমাত্র দিবসকেন্দ্রিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে ক্ষমতাসীন দল। দিবসকেন্দ্রিক কর্মসূচি সফল করতেও ভাড়াটিয়া লোক আনা হচ্ছে, এমন অভিযোগও দল থেকে এসেছে। এ পরিস্থিতি চলতে থাকলে অচিরেই ঐতিহ্যবাহী এ দলটিকে রাজনৈতিক ও সাংগঠনিক সঙ্কটের মুখোমুখি হতে হবে বলে দলের সিনিয়র নেতারা আশঙ্কা প্রকাশ করছেন। আওয়ামী লীগের বিপর্যস্ত পরিস্থিতির পাশাপাশি মহাজোটেও ভাটার টান লেগেছে। সমন্বয়হীনতা এবং আওয়ামী লীগ কর্তৃক জোটের শরিকদের অবমূল্যায়ন করার কারণে মহাজোট তথা ১৪ দলীয় জোটের সঙ্গেও দলটির দূরত্ব দিনে দিনে বেড়েই চলেছে। সব মিলিয়ে ঘরে-বাইরে নানামুখী সঙ্কটে পড়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার।
ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃবৃন্দ, শরিক দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বসহ সরকারের বিভিন্নস্তরে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে। এসবের মধ্যে সরকারের ব্যর্থতা তুলে ধরে বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি সরকারকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে।
মহাজোট সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এ পর্যন্ত অনেক ক্ষেত্রেই বিপর্যয়কর পরিস্থিতির শিকার হয়। এর মধ্যে বিডিআর বিদ্রোহসহ কয়েকটি ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও এর বাইরে বেশকিছু ঘটনা সরকারের ভেতর থেকেই উস্কে দেয়া হয়েছে। একের পর এক এসব কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে সরকার জনজীবনের দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে। সভা-সেমিনারসহ দলীয় ফোরামের আলোচনায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে নিজ ফোরামের প্রকাশ্য জনসভায় সরকারের ব্যর্থতার কথা বলা হচ্ছে। খাদ্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুত্ ও গ্যাস সঙ্কট, শেয়ারবাজার কেলেঙ্কারি এবং মন্ত্রীদের অতিকথনের সমালোচনা আসছে। ব্যর্থতার কারণে সম্প্রতি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের পদত্যাগের দাবিও করা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিতে সরকার দলীয় সংসদ সদস্যরা যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ একাধিক মন্ত্রীর ব্যর্থতার অভিযোগ করা হয়। দলীয় ফোরামগুলোতে একাধিক এমপি-মন্ত্রীর নাম উল্লেখ করে তাদের সমালোচনা হলেও প্রধানমন্ত্রী নিজেই তাদের পক্ষে অবস্থান নেন। এতে করে অভিযুক্ত এমপি-মন্ত্রীরা উত্সাহিত হচ্ছে বলে নিজ দল থেকে আক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত সংসদের গেল অধিবেশনে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ রাস্তাঘাট সংস্কার প্রসঙ্গে যোগাযোগমন্ত্রীর সমালোচনা করলে প্রধানমন্ত্রী ওই সংসদেই যোগাযোগমন্ত্রীর পক্ষাবলম্বন করে বক্তব্য দেন। গত মাসে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায়ও দল ও সরকারের সমালোচনা করা হয়। ওই বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক সরকার ও দলের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে বলেন, ‘আওয়ামী লীগ ১৯৯৬ সালে আসন পেয়েছিল কম কিন্তু সরকার ছিল শক্তিশালী; আর এবার আসন পেয়েছে অনেক বেশি কিন্তু সরকার অনেক দুর্বল।’ শেয়ারবাজার কেলেঙ্কারির ফলে সরকারের যে ইমেজ সঙ্কট দেখা দেয় তা পুনরুদ্ধারে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি গঠন করা হলেও এই কমিটির রিপোর্ট নিয়ে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে তদন্ত কমিটির প্রধান ও সরকার মুখোমুখি হয়ে পড়েছে। সরকার অভিযুক্তদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন জেগেছে।
সরকার ঢাকঢোল পিটিয়ে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেও বছর না যেতেই এতে ভাটা লেগেছে। সরকারের মতে, ‘চিহ্নিত’ কয়েকজন যুদ্ধাপরাধীর গ্রেফতার ও তদন্ত কমিটির কয়েকটি স্থান পরিদর্শন ছাড়া এতে কোনো অগ্রগতি নেই। বিদেশের প্রভাবশালী গণমাধ্যমও এ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি লন্ডনভিত্তিক একটি প্রভাবশালী পত্রিকা যুদ্ধাপরাধীদের বিচারকে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন বলে উল্লেখ করেছে। এদিকে এতদিন সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে বর্তমান সরকারের মেয়াদে এ বিচার শেষ করার কথা বলা হলেও অতিসম্প্রতি বলা হচ্ছে, বর্তমান সরকারের সময়ে বিচার ‘শুরু করা’ হবে।
সরকারের এই দুর্বল অবস্থার চেয়ে সরকারি দলের অবস্থা আরও সঙ্গীন। গত আড়াই বছরে শাসক দল আওয়ামী লীগের বড় সাংগঠনিক অর্জনের মধ্যে রয়েছে কেবল জাতীয় অনুষ্ঠান। অবশ্য এটাও হয়েছে নির্বাচন কমিশনের শর্ত পূরণের জন্য। এর বাইরে কেন্দ্রীয় কমিটির একটি বর্ধিতসভা হলেও ওই সভায় গৃহীত সিদ্ধান্তের বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। জাতীয় কাউন্সিলের পর শিগগিরই দলের তৃণমূল কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দেয়া হলেও জেলা-উপজেলা তো দূরের কথা, এখন পর্যন্ত ওয়ার্ড পর্যায়ের একটি কাউন্সিলও অনুষ্ঠিত হয়নি।
ক্ষমতার প্রায় আড়াই বছরে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিলেও তা ওই সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বার বার উদ্যোগ নেয়ার পরও নতুন কোনো সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারছে না শাসক দলটি। ঘরোয়া সভা-সেমিনার আর জাতীয় ও দলীয় দিবসভিত্তিক কর্মসূচির বাইরে কোনো রাজনৈতিক কার্যক্রম চলছে না। সরকারের মধ্যেই যেন হারিয়ে গেছে দেশের প্রাচীন এই রাজনৈতিক দল। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্রই সাংগঠনিক অবস্থা অতীতের যে কোন সময়ের তুলনায় নাজুক বলে বিশ্লেষকরা মনে করছেন। আট মাস আগে যুদ্ধাপরাধীদের বিচারে জনমত সৃষ্টি করতে বিভাগীয় মহাসমাবেশ করার জন্য দুই দফা সিদ্ধান্ত নেয়া হলেও এখনও তা শুরুই হয়নি। কবে হবে তারও কোনো খবর নেই। এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে গত বছর জানুয়ারিতে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন হলেও ঢাকা মহানগরসহ দেশের অর্ধেক জেলায় তা শুরুই করা যায়নি। গত ১৮ মার্চ কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক জেলা সফর কর্মসূচি শুরু হলেও তা মাঝ পথে থেকে যায়। এক মাসে ৭৩টি সাংগঠনিক জেলায় বর্ধিতসভা সম্পন্ন করার টার্গেট নিয়ে সফর কর্মসূচি শুরু হলেও ২০টির মতো জেলা সফর বাকি থাকতেই কর্মসূচি বন্ধ হয়ে যায়।
বর্তমানে সংগঠনের বিভিন্নস্তরে নেতৃত্বের দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও ব্যক্তিস্বার্থকে ঘিরে আবর্তিত হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল কার্যক্রম। অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাতে তৃণমূলের সাংগঠনিক কর্মকাণ্ড পুরোপুরিই স্থবির হয়ে পড়েছে। গ্রুপিংয়ের কারণে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ তো দূরের কথা, কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলোও বাস্তবায়িত হচ্ছে না। কোনো কোনো জেলা বা উপজেলায় ৩/৪টি গ্রুপ সক্রিয় রয়েছে। এসব গ্রুপের কোনোটার নেতৃত্বে রয়েছে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, কোনোটার সাধারণ সম্পাদক আবার কোনোটার নেতৃত্বে আছেন স্থানীয় দলীয় সংসদ সদস্য, কোথাও কোথাও কেন্দ্রীয় নেতৃবৃন্দও এসব গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছেন। অভ্যন্তরীণ কোন্দল এমন পর্যায়ে গিয়েছে যে, সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান গ্রুপের কর্মীরা স্থানীয় সংসদ সদস্যকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
এককালের সুসংগঠিত আওয়ামী লীগ আজ কর্মসূচি সফল করতে ভাড়া করে লোক নিয়ে আসে, এমন অভিযোগও উঠেছে। আর এই অভিযোগটা এসেছে দলেরই একটি সহযোগী সংগঠনের পক্ষ থেকে। গত ১৯ মার্চ অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে এক যৌথসভায় যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার এমপি বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের আলোচনা সভার প্রসঙ্গ টেনে ভাড়ায় লোক আনার অভিযোগ করেন। তিনি প্রধানমন্ত্রীর কয়েকটি অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে বলেন, অনুষ্ঠানে কারা যায় তাদের আমরা চিনি না। অনুষ্ঠানে ভাড়াটিয়া লোক নিয়ে আসা হয়। তারা সামনের সারির আসনগুলো দখল করে রাখে। আর নির্দিষ্ট একজন নেতা বক্তৃতা দিলেই তারা হাততালি দেয়।
গত সোমবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় নগরের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, দেশের সবচে প্রাচীন এ দলের কর্মসূচি কেবলমাত্র কিছু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। এ কারণে দলের সমর্থন দিন দিন শূন্যের কোঠায় চলে যাচ্ছে। নেতৃবৃন্দ শুধুমাত্র ব্যানার ও নামসর্বস্ব সংগঠনের অনুষ্ঠানে গিয়ে বক্তৃতাবাজি করছেন। ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এ দলটি কমিউনিস্ট পার্টি ও ন্যাপে রূপান্তরিত হচ্ছে।
সরকার ও দলের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগ আর সরকার একাকার হয়ে গেছে—এমন মন্তব্য করে দলের এক শীর্ষ নেতা এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি পুরনোদের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন। ওই নেতা বলেন, আগে আওয়ামী লীগ পরে সরকার। কাজেই সরকারকে সফল করতে হলে সংগঠনের প্রতি গুরুত্ব দিতে হবে। সংগঠন শক্তিশালী না হওয়ার কারণে সরকারের সফলতাগুলো প্রচারণা পাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি মন্ত্রিসভার রদবদলের প্রয়োজনীয়তার কথাও জানান।
সরকারের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আমার দেশ’কে বলেন, সরকার মোটামুটি সঠিক পথেই চলছে। ঘোষিত ইশতেহার ধরেই সরকার এগুচ্ছে। দু’একটি ক্ষেত্রে ব্যতিক্রম হলেও তাকে অস্বাভাবিক বলা যাবে না। দলের মৌলিক সিদ্ধান্তের বাইরে সরকার যাচ্ছে না বলেও মন্তব্য করেন।
সাংগঠনিক বিষয়ে জানতে চাইলে আ’লীগ সভাপতিমণ্ডলীর অপর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, সাংগঠনিক কর্মকাণ্ড তেমন কিছু হচ্ছে না। স্বাভাবিক কর্মকাণ্ডই বর্তমানে চলছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতির জনকের জন্মদিনসহ স্বাধীনতার মাসের কর্মসূচি নিয়ে মার্চ মাসে ব্যস্ত ছিল। এখন এমপি-মন্ত্রীসহ নেতাকর্মীরা হয়তো পহেলা বৈশাখ নিয়ে ব্যস্ত থাকবে। এ কারণে এই মুহূর্তে সাংগঠনিক কাজের তেমনটা সুযোগ নেই। তৃণমূল কাউন্সিল অনুষ্ঠান বিষয়ে নীতিনির্ধারণী এই নেতা বলেন, মনে হয় না আপাতত কোনো পর্যায়ে কাউন্সিল হবে। সময় তো অনেক রয়েছে, অবশ্যই আগামীতে হবে
।

সরকারকে সাফ জানিয়ে দিল দাতারা : বিচারবহির্ভূত হত্যা দুর্নীতি বন্ধ না হলে সাহায্য নয়









স্টাফ রিপোর্টার
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পরিচিত দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা সরকারকে সাফ জানিয়ে দিয়েছেন, সাহায্য পেতে হলে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা বন্ধ, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। দুনীতি বন্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের ক্ষমতা খর্ব করা চলবে না, দুদকের সংশোধিত আইন বাতিল করতে হবে।
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া নিয়ে গতকাল দাতাদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের পরামর্শ সভায় তাদের এ মতামত উঠে আসে। এসব বিষয়ে পরিকল্পনা দলিলে সরকারের সুস্পষ্ট অবস্থান ও বক্তব্য থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন দাতারা। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় পঞ্চবার্ষিক পরিকল্পনার এ খসড়া উপস্থাপন করা হয়।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইউএস এইড, ডিএফআইডি, জাইকাসহ বাংলাদেশে নিযুক্ত দাতা দেশ এবং সংস্থার ৪২ জন রাষ্ট্রদূত ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম খসড়াটি উপস্থাপনের পর পরই এর ওপর দাতা সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত দেন। খসড়া উপস্থাপনের পর ডেনমার্কের রাষ্ট্রদূত মি. এস ওলিং, বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন ও এডিবির প্রতিনিধিসহ অন্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ডেনমার্কের রাষ্ট্রদূত পরামর্শসভায় দাতাদের পক্ষে বাংলাদেশে সুশাসন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উপস্থাপিত খসড়ার নবম অধ্যায়ের সূত্র ধরে বলেন, সরকারকে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজের নিশ্চয়তা দিতে হবে। আদালতের রায়ের আলোকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, সর্বক্ষেত্রে ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার কথা বলেন তিনি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৈঠকে বলা হয়, একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, এটা মানবাধিকারের লঙ্ঘন ও সুশাসনের অন্তরায়। এসব বিষয়ে সরকারের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকা দরকার। দুর্নীতি বন্ধে সরকারের সুস্পষ্ট প্রতিশ্রুতিও দাবি করেন দাতারা। দুদকের আইন পরিবর্তন করে দুর্বল করায় দাতারা উদ্বেগ প্রকাশ করেন। দুদককে শক্তিশালী করা এবং এর আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো বাতিলের পক্ষেও তারা মত দেন। মানবাধিকার কমিশন যাতে স্বাধীন ও সক্রিয় হয়ে কাজ করতে পারে তার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।
বৈঠকে আইএমএফ প্রতিনিধি মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ নিয়ে সরকারের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। বিশ্বজুড়ে খাদ্যপণ্য, জ্বালানি ও সারের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয় আইএমএফ।
উন্নয়ন অংশীদাররা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আঞ্চলিক বৈষম্য দূর করার পরামর্শ দেন। এছাড়া বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে টেকসই খাদ্য নিরাপত্তা তৈরির প্রতি গুরুত্ব দেয়ার জন্য সরকারকে পরামর্শ দেয়া হয় উন্নয়ন অংশীদারদের পক্ষ থেকে।
পক্ষান্তরে এসব সেক্টরে সাহায্য প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করার আহ্বান জানান ড. মশিউর রহমান। তিনি উন্নয়ন অংশীদারদের উদ্দেশে বলেন, সাহায্য হিসেবে দেয়া পণ্যের আমদানি ব্যয় মেটানোর জন্য দাতা দেশগুলোর আরও বেশি অর্থ দেয়া প্রয়োজন।
ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় মোট বাজেটের ৯৬.০৮ শতাংশ আসবে দেশি সম্পদ থেকে। এর সিংহভাগ ব্যয় হবে স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়নে।
ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৩। সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫.৮।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, এরই মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া নিয়ে বেশকয়েকটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দাতাদের সঙ্গে আলোচনা করা এ প্রক্রিয়ারই অংশ। এতে দাতাদের কোনো শর্ত বা পরামর্শের ব্যাপার নেই বলে তিনি জানান। তিনি আরও বলেন, দাতাদের সামনে আগেই খসড়াটির মূল বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দাতারা খসড়াটি দেখে প্রশংসা করেছেন। তবে তারা এ পরিকল্পনা বাস্তবায়নে কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে আঞ্চলিক অসমতা দূর করতে এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একটি কর্মকৌশল গ্রহণ করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতে আরও বেশি দৃষ্টি দেয়া। দাতার অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর পাশাপাশি সরকারি বিনিয়োগের হার ও মান বাড়ানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন। এর বাইরে বেসরকারি বিনিয়োগ মোট অভ্যন্তরীণ উত্পাদনের চার শতাংশে নিয়ে যাওয়া এবং জলবায়ু, আঞ্চলিক বাণিজ্যের প্রচার এবং দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগের সুপারিশ করেছে উন্নয়ন সহযোগীরা।
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরির দায়িত্বপ্রাপ্ত সংস্থা পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম জানান, মে মাসের ভেতরেই এর খসড়া জাতীয় সংসদে পাঠানো হবে। প্রয়োজনীয় সংশোধন শেষে জুনের মধ্যেই চূড়ান্ত অনুমোদন শেষে এর বাস্তবায়ন শুরু হবে।
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত। এ অর্থবছরে জাতীয় প্রবৃদ্ধির হার (জিডিপি) টার্গেট করা হয়েছে ৮ শতাংশ। শিল্প খাতে জাতীয় আয়ের অংশ ২০ দশমিক ৩ ভাগ থেকে বেড়ে ২২ দশমিক ৩ ভাগ হবে। তবে কৃষি খাতে জাতীয় অর্থনীতিতে অবদান ১৯ দশমিক ১ শতাংশ থেকে কমে ১৬ দশমিক ৬ ভাগে নেমে যাবে। বর্তমান মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশ থেকে কমে তা ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ১০ দশমিক ২ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে খসড়ায় উল্লেখ আছে।
এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পাঁচ বছরে ১৩ দশমিক ৩ ট্রিলিয়ন টাকার প্রয়োজন হবে। এর ৯২ দশমিক ৮ ভাগ সরকারের অভ্যন্তরীণ উত্স থেকে জোগান দেয়া হবে। বাকি ৭ দশমিক ২ শতাংশ দাতাদের সহযোগিতা থেকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
সূত্র জানায়, দেশে বর্তমানে দাতাদের প্রেসক্রিপশন অনুযায়ী দারিদ্র্যবিমোচন কৌশলপত্র (পিআরএসপি) বাস্তবায়ন হচ্ছে। আগামী জুনে এটির মেয়াদ শেষ হয়ে যাবে। দাতা সংস্থাগুলো চেয়েছিল এই পিআরএসপি আবারও অব্যাহত থাকুক। তাই শুরু থেকেই তারা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বিরোধিতা করেছিল। শেষ মুহূর্তে দাতাদের অর্থ ছাড় দিতে রাজি করানোর জন্য তাদের সঙ্গে বৈঠকে বসে সরকার।
জানা গেছে, দেশে বিদেশি সাহায্যপ্রবাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আগের বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ঋণ ও অনুদান মিলিয়ে প্রকৃত সাহায্য এসেছে মাত্র ৩৬ কোটি ডলার বা দুই হাজার ৫২০ কোটি টাকা। সাহায্যের এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ে ছাড় করা অর্থের প্রায় এক-তৃতীয়াংশ। গত বছর প্রথম সাত মাসে এর পরিমাণ ছিল ৯৯ কোটি ১১ লাখ ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিশ্বব্যাংক থেকে প্রায় প্রতিবছরই বাংলাদেশ বাজেট সহায়তা খাতে ২০ কোটি ডলারের মতো ঋণসহায়তা পেয়ে আসছে। কিন্তু এবার বিশ্বব্যাংক এখন পর্যন্ত কোনো সহায়তা দেয়নি। এ বছর আর সহায়তা দেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। ফলে অনেকটা বাধ্য হয়েই সরকার সংশোধিত বাজেটে বিদেশি সাহায্যের পরিমাণ অনেকটাই কাটছাঁট করেছে
।

ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে সার্বভৌমত্ব আজ বিপন্ন : আমরা দেশটির পর্নো সংস্কৃতির আগ্রাসনের শিকার : ড. সিরাজুল ইসলাম চৌধুরী















হাসান শান্তনু

দেশীয় শিল্প-সংস্কৃতির অস্তিত্ব বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনের মুখে কোণঠাসা। আকাশ সংস্কৃতির উন্মুক্ত পথে ভিনদেশি ঐতিহ্য, আচার ব্যবহার, পোশাক এবং ধর্মীয় প্রভাব বাংলাদেশী কিশোর-কিশোরী ও শিশুদের মনোজগতে যে প্রভাব ফেলছে তাতে দেশপ্রেম ও সাজাত্যবোধ গড়ে ওঠার পথে বিরাট বাধার সৃষ্টি করছে। ফলে এদেশের শিশু-কিশোররা তার অতীতে সংগ্রামী বীর পুরুষদের কথা ভুলে জাতীয় বীর হিসেবে ভিনদেশি চরিত্রকে স্নাত স্মরণীয় মনে করছে। এভাবে এদেশীয় শিশু-কিশোরদের মনে হীনমন্যতা ধীরে ধীরে শিকড় বিস্তার করছে। ফলে রাজনৈতিক ও বাণিজ্যিক দখলদারিত্বের পথ নির্মাণে ভারতীয়দের তেমন বেগ পেতে হচ্ছে না। এতে দেশটির সাংস্কৃতিক আগ্রাসনের থাবায় বিপন্ন এদেশের সার্বভৌমত্ব। এখন আমাদের একটি দেশকে পদানত করতে হলে সে দেশের সংস্কৃতি ঐতিহ্যকে চূরমার করার রেওয়াজ অতি প্রাচীন। সংস্কৃতিতে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের লোলুপ থাবা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ভারত সরকারের চাপে এদেশের সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় অসহায়। শিল্প, সংস্কৃতি চর্চা ও বিকাশ বিষয়ক অধিকাংশ প্রকল্প সরকার নিচ্ছে ভারতীয়দের চাপে। বাংলাদেশ হয়ে উঠছে ভারতীয় সংস্কৃতি চর্চার ‘উর্বর ক্ষেত্র’, শিল্পীদের রমরমা বাজার। তারা বাংলাদেশকে ‘বাণিজ্যিক ক্ষেত্র’ হিসেবে বেছে নিচ্ছেন। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি থাকলেও এসব চলছে চুক্তির তোয়াক্কা না করে। এ দেশের বিদ্যমান আইন না মেনে তারা চালাচ্ছেন তাদের দেশীয় সংস্কৃতির চর্চা। এতে সংস্কৃতি ধ্বংসের পাশাপাশি ভারতে চলে যাচ্ছে দেশের কোটি কোটি টাকা।
এ দেশে এখন সরকারি, বেসরকারি অনেক অনুষ্ঠান শুরু হয় ভারতীয়দের অনুকরণে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, ঢোল বাদ্য বাজিয়ে।
মন্ত্রী, সচিব, সরকারদলীয় সংসদ সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আওয়ামীপন্থী, বাম সমর্থক বুদ্ধিজীবীরা এটা করছেন। ভারতীয় শিল্পীদের দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অনুষ্ঠানের আয়োজন চলছে। গত মার্চ মাসে এ দেশের স্বাধীনতা লাভের চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানে ছিল ভারতীয়দের জয়জয়কার। অনুষ্ঠান শুরুর আগে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজানোও আজকাল আর বিচিত্র কিছু নয়। গত ১ এপ্রিল ঢাকায় আয়োজিত রোটারি ক্লাবের বাংলাদেশ শাখার সম্মেলনে নীতিমালা অমান্য করে বাজানো হয় ভারতীয় জাতীয় সঙ্গীত। শিল্পীর পাশাপাশি হিন্দিভাষী উপস্থাপিকাও আনা হচ্ছে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের উদ্যোগে এসব অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
এক গবেষণা মতে, সরকারি সহায়তার পাশাপাশি গণমাধ্যম, বিজ্ঞাপন, সঙ্গীত শিক্ষালয়, নাট্যবিদ্যালয়, নাট্যশালা, আর্ট স্কুল, ফ্যাশন শো, সঙ্গীত-অভিনয়-সুন্দরী প্রতিযোগিতা, পাঠ্যপুস্তক, সাহিত্য, সেমিনার, এনজিও, হাসপাতাল, রূপচর্চা কেন্দ্র, শিক্ষাবৃত্তি, ক্লাব-সমিতি, সাংস্কৃতিক সফর, চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি এদেশে ঢুকছে।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, ‘এক রাষ্ট্রের আইন না মানাটা ওই রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অবমাননা। অবমাননার বিষয়টা যেভাবে চলে আসছে তাতে সার্বভৌমত্ব বিপন্ন। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন দিন দিন বিস্তৃত হয়ে উঠছে।’
শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভারত প্রাচীন সংস্কৃতির দেশ হলেও আমরা দেশটির পর্নো সংস্কৃতির আগ্রাসনের শিকার। আমাদের রাজনৈতিক নেতৃত্ব, মিডিয়া ব্যবসায়ীরা ওই পর্নো সংস্কৃতি উপভোগ করছে। এতে এ দেশের সংস্কৃতি বিকশিত হতে পারছে না। সংস্কৃতি চর্চার নামে এ দেশের যারা আইন না মেনে ভারতীয় শিল্পীদের আনছেন, তাদের জবাবদিহি করতে হচ্ছে না। ফলে তারা একের পর এক শিল্পীকে আনছেন।’
বলা হয়ে থাকে, একাত্তরে স্বাধীনতা লাভের পর এ জাতির সাংস্কৃতিক জাগরণের উজ্জ্বলতম উদাহরণ একুশের বইমেলা। গত ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজিত বাংলা একাডেমীর এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক ড. অমর্ত্য সেন। মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নোবেলজয়ী একমাত্র বাংলাদেশী। তাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এ দেশের একমাত্র নোবেলজয়ীকে আমন্ত্রণ না জানিয়ে একজন ভারতীয়কে বিশেষ অতিথি করায় নানা প্রশ্নের জন্ম হয়। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়, দু’দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে, এ দেশের অসাম্প্রদায়িক চেতনা প্রমাণের জন্য ড. অমর্ত্যকে আমন্ত্রণ জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, ড. অমর্ত্য নিজেই সাম্প্রদায়িক চেতনার। তার সাম্প্রতিক ‘আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ বইয়ে ইসলাম ধর্ম বাদ দিয়ে হিন্দু ধর্ম গ্রহণের আহ্বান জানিয়েছেন। এবারের বইমেলার এক মাসের আলোচনা অনুষ্ঠানের বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। যা আগে কোনো ব্যক্তিকে নিয়ে এভাবে হয়নি। বায়ান্নর ভাষা আন্দোলনের ফসল বাংলা একাডেমীর বইমেলার পুরো মাসের আলোচনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে বিষয় করায় নানা প্রশ্নের জন্ম দেয়। কেননা, ভাষা আন্দোলনের সঙ্গে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করতে আমন্ত্রণ জানানো হয় কলকাতার অনেককে। একই বিষয়ে এদেশে বিশেষজ্ঞ থাকলেও তাদের মধ্যে অনেকে আমন্ত্রণ পাননি। একাডেমীর দাবি, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ বিষয় নির্ধারিত হয়। মেলার প্রস্তুতি সম্পর্কে জানাতে গত বছরের ২ ডিসেম্বর একাডেমীর আয়োজিত সংবাদ সম্মেলনে এর পরিচালক শামসুজ্জামান খানের কাছে সাংবাদিকরা জানতে চান ‘জাতীয় কবি কাজী নজরুলকে নিয়ে একইভাবে পুরো মাসের আলোচনা অনুষ্ঠান করবেন কি-না?’ প্রশ্নটার উত্তর দেননি তিনি। অন্যদিকে সরকারের পক্ষ থেকে চলছে রবীন্দ্রবন্দনা। রবীন্দ্রনাথের নাটক মঞ্চায়নে, তাকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে আর্থিক সহায়তা দিতে সংস্কৃতি মন্ত্রণালয় নতুন একটি প্রকল্প নিয়েছে। শিল্পকলা একাডেমী এ প্রকল্প পরিচালনা করছে। অথচ জাতীয় কবি নজরুলকে নিয়ে এরকম প্রকল্প সরকারের নেই। নজরুল এখন চরম উপেক্ষিত। অভিযোগ আছে, ভারত সরকারের চাপে সরকার এ প্রকল্প নেয়।
গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র সাতদিন পর আর মর্মান্তিক বিডিআর বিদ্রোহের দ্বিতীয় বার্ষিকীর আগ মুহূর্তে ঢাকায় ‘ডেসটিনি গ্রুপ ট্রাইনেশন বিগ শো’ শিরোনামে অনুষ্ঠিত হয় ভারতীয় শিল্পীদের দিয়ে উদ্দেশ্যমূলক কনসার্ট। অনুষ্ঠানটি করা হয় বিশ্বকাপ ক্রিকেটের সঙ্গে মানুষকে সম্পৃক্ত করার জন্য। শো’র টিকিটের দাম রাখা হয় দুই হাজার থেকে দুই লাখ টাকা। দেশের সংস্কৃতিসেবীরা বলেন, ‘অনুষ্ঠানটির সঙ্গে বিশ্বকাপের সম্পর্ক নেই। খেলোয়াড়রা মাঠে ভালো খেললে দর্শকরা ক্রিকেট উল্লাসে মেতে ওঠে। ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষা চর্চার পরিবর্তে বলিউডের শিল্পীদের এনে হিন্দিগান পরিবেশন গর্হিত কাজ।’
অন্যদিকে একাত্তর সালে স্বাধীনতা লাভের চল্লিশ বছর পূর্ণ হয় এবার। এ উপলক্ষে সরকারি, বেসরকারি নানা প্রতিষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে মার্চ মাসজুড়ে। এর মধ্যে অনেকের অনুষ্ঠানের তালিকায় ছিলেন ভারতীয় শিল্পীরা, আর তাতে উপেক্ষিত ছিলেন এদেশের শিল্পীরা। এমনকি সরকারি প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমী ও ভারতীয় প্রতিষ্ঠান ‘ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার’ মিলেও ভারতীয় শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করে। এ দু’প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে গত ৪ মার্চ শিল্পকলা একাডেমীতে ছিল ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিদ্যা শাহ, ১৮ মার্চ পণ্ডিত যশরাজের সঙ্গীত সন্ধ্যা। তারা ঢাকার বাইরেও অনুষ্ঠান করেন। ওই আয়োজনে এ দেশের কোনো সঙ্গীতশিল্পী ছিলেন না। এ প্রসঙ্গে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী বলেন, ‘ভারতীয় কোনো শিল্পীর সঙ্গে এ দেশের কাউকে মঞ্চে উঠিয়ে দেয়ার মানে হয় না। তাই এ দেশের কাউকে রাখা হয়নি। তাছাড়া ভারতীয় দূতাবাসও এ দেশের কোনো শিল্পীকে অনুষ্ঠানে চাননি।’
আওয়ামীপন্থী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর গণসঙ্গীত উত্সবে গত ২৮ মার্চ শিল্পকলা একাডেমীতে, ৩১ মার্চ বিয়াম মিলনায়তনে ছিল ভারতীয় শিল্পী মৌসুমী ভৌমিকের অনুষ্ঠান। গণসঙ্গীত শিল্পী না হলেও সরকারকে খুশি রাখা, ভারতীয় সংস্কৃতি চর্চার পথ আরও বিকশিত করতে তাকে আনা হয়। স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতীয় শিল্পী ওস্তাদ জাকির হোসেনের তবলা বাদন আয়োজন করে সরকার সমর্থক একটি জাতীয় দৈনিক। গত ১৯ মার্চ থেকে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের শিল্পীদের সংগঠন ‘কিরাত’র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ আয়োজিত হয় চিত্রকর্ম প্রদর্শনীর। ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক মৈত্রীর সেতু স্থাপন এ প্রদর্শনীর উদ্দেশ্য বলে আয়োজকরা জানান। তবে সেখানে এদেশের কোনো শিল্পীর চিত্রকর্ম ছিল না।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত দুই বছর তিন মাসে শতাধিক ভারতীয় সঙ্গীত, অভিনয়শিল্পী এ দেশে কনসার্ট করেন। এ সময়ের মধ্যে কতজন এসেছেন, এর ঠিক পরিসংখ্যান সংস্কৃতি মন্ত্রণালয়েও নেই। অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে অভিজাত ক্লাবগুলো ভারতীয় শিল্পীকে আনলেও তা গোপন রাখেন। বেশিরভাগ ক্ষেত্রে লুকোচুরি করে শিল্পীদের আনা হয়। ট্যাক্স ফাঁকি দিতে আয়োজকরা এ লুকোচুরি করেন। অভিজাত ক্লাবগুলো ভারতীয় আইটেম গার্ল, ডিজিটাল জকিদের নিয়ে অনুষ্ঠান করেন অনুমতি ছাড়া। দেশের প্রতিভাবান শিল্পীরা অবজ্ঞা, উপেক্ষার ন্যক্কারজনক শিকার হচ্ছেন। ভারতীয়দের কদর বাড়লেও এ দেশের কোনো শিল্পী ভারতে যেতে পারছেন না। সেখানে তাদের নিয়ে বড় ধরনের কোনো অনুষ্ঠানও হচ্ছে না। গত কয়েক বছরে ভারতে বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে বড় কোনো অনুষ্ঠান হয়নি। বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনের কোনো কনসার্ট অনুষ্ঠিত হয়নি আজ পর্যন্ত। অথচ সে দেশের শিল্পীরা এদেশে আসছেন। কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।
বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক বৈষম্যের মতো সাংস্কৃতিক ক্ষেত্রেও বৈষম্য দিন দিন বাড়ছে। সুস্থ সাংস্কৃতিক বিনিময়ের নামে এ ধরনের এক তরফা, যথাযথ অনুমতি ছাড়াই ভারত থেকে শিল্পীরা আসছেন। ট্যাক্স ফাঁকি দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন তারা। গত বছরের ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত বলিউড কিং শাহরুখ খানের ‘কিং খান লাইভ শো ইন ঢাকা’য় অংশ নিয়ে শাহরুখ পান কোটি কোটি টাকা। তিনি কোনো ট্যাক্স দেননি বলে জানায় জাতীয় রাজস্ব বোর্ড সূত্র। ওই অনুষ্ঠানে বলিউড তারকা অর্জুন রামপাল, রানি মুখার্জি অংশ নেন। তারাও ট্যাক্স দেননি
।

সেনা সদরের সতর্কবাণী : পার্বত্য চট্টগ্রাম যেন পূর্ব তিমুর না হয়











এমএ নোমান
পার্বত্য চট্টগ্রামে যাতে পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের মতো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে সেনা সদর দফতর। সেনা সদর দফতর থেকে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ও সন্ত্রাসী গ্রুপগুলো অস্ত্রশস্ত্র জোগাড় করছে। মিয়ানমার ও ভারতীয় কয়েকটি গ্রুপের কাছ থেকে পার্বত্যাঞ্চলে অস্ত্র আসছে। সম্প্রতি পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করলে দেখা যাবে, সেখানে এর সূচনা হয়েছিল প্রায় ৭৫-৮০ বছর আগে। পার্বত্য চট্টগ্রামে যাতে দক্ষিণ সুদান ও পূর্ব তিমুরের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তা এখন থেকেই সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে চিন্তাভাবনা করতে হবে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সপ্তম সভায় সেনা সদর দফতর থেকে এ আশঙ্কা ব্যক্ত করে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছে। সেনা সদর দফতরের এ বক্তব্যের বিষয়ে বৈঠকে উপস্থিত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা ঘন ঘন পার্বত্য চট্টগ্রাম সফর করছেন। পার্বত্য চট্টগ্রামে বিদেশি সাংবাদিক ও বিভিন্ন লোকের আনাগোনাও বেড়ে গেছে। পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বিদেশিদের নিশ্চয় কোনো গোপন এজেন্ডা রয়েছে। বৈঠকে উপস্থাপিত এসব আশঙ্কা, প্রস্তাব ও বক্তব্যের সমন্বয়ে তৈরি করা কার্যবিবরণী ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদর দফতরগুলোতে দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকের আলোচ্য বিষয় ও সুপারিশমালা সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, পার্বত্য চট্টগ্রামে যাতে শান্তি, স্থিতিশীলতা ও সহাবস্থান নিশ্চিত থাকে সেজন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। সেনাবাহিনীর প্রতিনিধিরা কিছু প্রস্তাব দিয়েছেন। সে অনুযায়ী সুপারিশ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে উপজাতি ও বাঙালি নির্বিশেষে সবার মধ্যে সহাবস্থান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সেনাবাহিনী তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা ও কঠোর শ্রম দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তিচুক্তিবিরোধী কোনো গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে।
উল্লেখ্য, পূর্ব তিমুর ও দক্ষিণ সুদান যথাক্রমে ইন্দোনেশিয়া ও সুদানের অবিচ্ছেদ্য অংশ ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দুটি দেশ থেকে পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানকে বিচ্ছিন্ন করে পৃথক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ পার্বত্য চট্টগ্রামের সার্বিক অবস্থা নিয়ে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতিনিধি ও সেনা সদর দফতরের প্রতিনিধিরা অংশ নেন। তাদের সবার বক্তব্য, প্রস্তাব, সুপারিশ এবং সভায় গৃহীত সিদ্ধান্ত কার্যবিবরণী আকারে তৈরি করে এর আলোকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য তা মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী, তথ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার সেনা সদর দফতর, চিফ অব জেনারেল স্টাফ সেনা সদর দফতর, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক ও র্যাব মহাপরিচালককে দেয়া হয়।
সেনা সদরের আশঙ্কা ও প্রস্তাব : বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সেনা সদরের বক্তব্য প্রসঙ্গে কার্যবিবরণীর ২য় পৃষ্ঠার ১০নং প্যারায় উল্লেখ করা হয়েছে, ‘পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির বিষয়ে সভায় উপস্থিত সেনা সদরের প্রতিনিধি সভাকে অবহিত করেন, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি শান্ত রাখার জন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ওপর নিয়মিত রাজনৈতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের সীমান্ত অস্ত্র ও মাদকের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।’ একই কার্যবিবরণীর ১১নং প্যারায় সেনা সদরের প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আরও বলা হয়েছে, ‘সেনা সদরের প্রতিনিধি সভাকে আরও জানান, সম্প্রতি দক্ষিণ সুদান ও পূর্ব তিমুরের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করলে দেখা যাবে, এর সূচনা হয়েছিল প্রায় ৭৫ থেকে ৮০ বছর আগে। পার্বত্য চট্টগ্রামে যাতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তা এখন থেকেই আাামাদের নীতিনির্ধারণী পর্যায়ে চিন্তা করতে হবে। সেনা সদরের প্রতিনিধি আরও উল্লেখ করেন যে, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কাছে আর্মস আসে মূলত মিয়ানমারের বিভিন্ন গ্রুপ থেকে। পাশাপাশি ভারতীয় কিছু গ্রুপও আর্থিক কষ্টে পড়লে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে। সেনা সদরের ওই প্রতিনিধি আরও জানান, পার্বত্য চট্টগ্রামের ভূমি ইস্যু একটি বিরাট সমস্যা। এ সমস্যার সন্তোষজনক সমাধান হওয়া প্রয়োজন। এছাড়াও অনেকদিন ধরে পার্বত্য চট্টগ্রামে কোনো স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। জরুরি ভিত্তিতে এ নির্বাচন হওয়া প্রয়োজন।
দাতা সংস্থাকে দায়ী করছে ডিজিএফআই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে কার্যবিবরণীর ১২নং প্যারায় উল্লেখ করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ডিজিএফআই প্রতিনিধি জানান, ইন্টারনেটের কারণে তথ্য আদান-প্রদান খুবই সহজ হয়েছে। কোনো কোনো বিষয়ে বিদেশি সাংবাদিকরা চট্টগ্রামে না গিয়েও তথ্য সংগ্রহ করছেন। ইউএনডিপিসহ বিভিন্ন দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিয়োগকৃত উপজাতীয় কর্মকর্তা-কর্মচারীদের তালিকা থেকে এটা স্পষ্ট যে, এতে অধিকাংশ ক্ষেত্রেই ধর্মান্তরিত খ্রিস্টান উপজাতীয়রা চাকরির মাধ্যমে পুনর্বাসিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সাধারণত উপজাতীয়রা গভীর জঙ্গলে বসবাস করে। তারা ছোটখাটো দোকান, নদী, খাল ও লেকে বোট চালিয়ে এবং জুম চাষ করে জীবিকা নির্বাহ করে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে তাদের দরিদ্রতার সুযোগ গ্রহণ করে চাঁদাবাজিসহ বিভিন্ন উদ্দেশ্য সাধন করতে না পারে সেজন্য পার্বত্য চট্টগ্রামে রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এতে পার্বত্য এলাকার অধিবাসীদের সঙ্গে দেশের অন্যান্য জেলার অধিবাসীদের সরাসরি সংযোগ স্থাপিত হবে। সম্প্রতি ইউপিডিএফের কার্যক্রম শক্তিশালী হয়ে পড়েছে, এটা বড়ই উদ্বেগজনক।
তথ্যমন্ত্রীর উদ্বেগ : তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের উদ্ধৃতি দিয়ে কার্যবিবরণীর ১০নং প্যারায় বলা হয়েছে, তথ্যমন্ত্রী সভাকে জানান, পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন নিয়ে সমস্যা হচ্ছে। বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা ঘন ঘন পার্বত্য চট্টগ্রাম সফর করছেন। বিদেশি সাংবাদিক ও বিভিন্ন লোকের আনাগোনাও বেড়ে গেছে। পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বিদেশিদের নিশ্চয়ই কোনো গোপন অ্যাজেন্ডা রয়েছে। এখানে কিছু লোক উস্কানিও দিচ্ছে। তিনি পার্বত্য চট্টগ্রামের বাস্তব অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন।
কমিটি পুনর্গঠনের সুপারিশ : বিস্তারিত আলোচনা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলায় স্থানীয় সরকারগুলোতে দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধি নেই। এজন্য আইনশৃঙ্খলাসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। জরুরি ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে স্থানীয় সরকারগুলোর নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যাতে কোনো দেশি-বিদেশি চক্রান্ত সফল না হয় এবং অশান্ত পরিস্থিতির উদ্ভব না হয়, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি বাস্তবায়নবিষয়ক জাতীয় কমিটিতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্পৃক্ত করে কমিটি পুনর্গঠন করা যেতে পারে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে বলেন, পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় ও বাঙালিদের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই শান্তিচুক্তি করা হয়েছিল। শুরু থেকেই চারদলীয় জোটসহ কয়েকটি মহল এ চুক্তির বিরোধিতা করে আসছে। তারপরও শান্তিচুক্তি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে তিনি আরও বলেন, সেনাবাহিনী বরাবরই পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৈঠকে তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে কিছু প্রস্তাব দিয়েছে। সরকার বরাবরই পার্বত্য ভূমি বিরোধ সমস্যাসহ অন্যান্য সমস্যা নিরসন করতে আন্তরিকভাবে কাজ করে চলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোসহ কিছু সংগঠন শান্তিচুক্তির বিরোধিতা করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আমরা তাদের সেই ফায়দা হাসিলের সুযোগ দেব না। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় ও বাঙালি নির্বিশেষে সবার মধ্যে সহাবস্থান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সেনাবাহিনী তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা ও কঠোর শ্রম দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
।