Friday, 7 January 2011

বিরোধী দলকে নির্যাতন ছাড়া সরকারের সফলতা নেই : উচ্ছিষ্টভোগীদের দিয়ে প্রেসক্লাব কলঙ্কিত করা হচ্ছে : এম কে আনোয়ার




স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত মহাজোট সরকারের দুই বছর, সঙ্কটের আবর্তে বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, এই দুই বছরে সরকারের কোনো ক্ষেত্রে সাফল্য নেই। তবে বিরোধী দলকে নির্যাতনেই শুধু তাদের সফলতা রয়েছে। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুত্ সমস্যার সমাধান, আমাদের জাতীয় স্বার্থ রক্ষাসহ বিভিন্ন ইস্যুতে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়র এমপি। গোলটেবিলে প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান ফারুকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া। অনুষ্ঠানে আলোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন নিলু, বাংলাদেশ ন্যাপের মহাসচিব জেবেল রহমান গনি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপির নির্বাহী সদস্য রফিক সিকদার, শ্রমিক নেতা বাহাউদ্দিন মোহন, বিএনপি নেতা হাফীজুর রহমান কবীর প্রমুখ।
এম কে আনোয়ার বলেন, বর্তমান সরকার বিভিন্ন স্বাধীন প্রতিষ্ঠানে নিজেদের লোক দিয়ে একটি উচ্ছিষ্টভোগী সমাজ তৈরির চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণা মিডিয়ায় প্রচারিত হয়েছে। কিন্তু সরকারের ওইসব উচ্ছিষ্টভোগীরা ফলাফল তাদের নিজেদের পক্ষে নিতে না পেরে কতিপয় সাংবাদিক দিয়েই প্রেস ক্লাবকে কলঙ্কিত করছে। নির্বাচন নিয়ে মামলা করেছে। জিডি করেছে।
এম কে আনোয়ার বলেন, দুই বছরে সরকারের কোনো সাফল্য নেই। তবে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের নামে নির্যাতন চালানোতে তাদের সফলতা রয়েছে। অথচ প্রধানমন্ত্রী তার সরকারের সাফল্যের বুলি আওড়াচ্ছেন। সরকার দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান অকার্যকর করে রেখেছে অভিযোগ করে আনোয়ার বলেন, জাতীয় সংসদ ও মানবাধিকার কমিশন অকার্যকর। দুর্নীতি দমন কমিশনকে ভয়ভীতি দেখিয়ে সরকার কাজ করতে দিচ্ছে না। তারা বিচার বিভাগের ওপর চাপ সষ্টি করছে।
খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়নি দাবি করে সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে জনগণের কাছে মিথ্যাচার করছে। গত ছয় মাসে সরকার বিদেশ থেকে ২৫ লাখ টন খাদ্যশস্য আমদানি করেছে। পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল, ভাংচুর ও সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় ছাত্র ও যুবলীগের নেতাকর্মীদের খালাস দেয়া হয়েছে। এভাবে দেশে একদলীয় অপশাসন অতীতের সব দুঃশাসনকে ছাড়িয়ে গেছে।
গত এক বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সাংবাদিক নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান তুলে ধরে আনোয়ার বলেন, একদিকে নির্যাতন, হত্যা, গুম চলছে অন্যদিকে প্রধানমন্ত্রী পুলিশকে বলেছেন, মানবাধিকার রক্ষার দিকটি লক্ষ্য রাখতে। তাহলে প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন—কোনটি সঠিক?
এম কে আনোয়ার বলেন, এই সরকার দেশকে ভারতের করদরাজ্য বানানোর জন্য কাজ করছে। তারা ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, টিপাইমুখ বাঁধ নির্মাণে আপত্তি করছে না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় বরং মুখ্যমন্ত্রী হবার জন্যই কাজ করে যাচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ’৯৬ সালে যখন শেখ হাসিনা কোলকাতা গিয়েছিলেন তখন তাকে মুখ্যমন্ত্রী বলা হয়েছিল। কিন্তু তখন কেউ এর কোনো প্রতিবাদ করেননি। তাই এখনও তিনি মুখ্যমন্ত্রী হবার জন্যই কাজ করে যাচ্ছেন। তাছাড়া ভারতের বহু মানুষ বাংলাদেশকে এখন আর স্বাধীন সার্বভৌম মনে না করে অঙ্গরাজ্য মনে করেন।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বর্তমান সরকারের কোনো সফলতা নেই। এই সরকারের প্রতিটি স্তরে মিথ্যাচার চলছে। ১০ টাকা কেজি চাল ও বিনামূল্যে সার দেয়ার কথা বলে এখন তা অস্বীকার করছে।
এম কে আনোয়ার বলেন, সরকারের দুঃশাসন মাত্রা ছাড়িয়ে গেছে। তারা ভূরিভূরি ওয়াদা দিয়ে ক্ষমতায় এলেও জনগণের সমস্যার কোনো সমাধান করেনি। বিদ্যুত্ সমস্যার সমাধান হয়নি।
জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকারের দুই বছরের সফলতার মধ্যে রয়েছে সংসদকে অকার্যকর করা, কথায় কথায় মামলা দেয়া আর নিজেদের খুনের মামলা প্রত্যাহার করে নেয়া। এ পর্যন্ত সরকারি দলের নেতাকর্মীদের সাড়ে ৬ হাজার মামালা প্রত্যাহার করে নেয়া হয়েছে। টিপাইমুখ বাঁধ তৈরির কাজ ভারত প্রায় শেষ করে আনলেও এই সরকার প্রতিবাদ জানাচ্ছে না। এ অবস্থায় আমাদের করণীয় হলো, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো।
মূল প্রবন্ধে এম গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, এই সরকারের সফলতার ভাগ শূন্যের কোঠায়। জাতি এক সঙ্কটকালে পতিত হয়েছে। রাজনীতিতে প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণতা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সরকারের ফ্যাসিবাদী আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিরোধী দলকে তারা মাঠেই নামতে দেয়নি। এই সরকার আমার দেশ বন্ধ করেছে, চ্যানেল ওয়ান বন্ধ করেছে। সাংবাদিকদের খুন ও নির্যাতন করেছে
।

ব্যর্থ সরকারের পদত্যাগ করা উচিত : ন্যাপ ভাসানী

স্টাফ রিপোর্টার

চাল-ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, দুর্নীতি, বিচার বিভাগ দলীয়করণ, রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে অমানবিক নির্যাতন, সাংবাদিক ও সংবাদপত্র দলন, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি, স্বৈরাচার ও ফ্যাসিবাদের মতো সরকারের নগ্ন আচরণের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী।
পার্টির ঢাকা মহানগর শাখার উদ্যোগে শাখা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন মুন্না, সহ-সভাপতি আবদুল হাই সরকার, এম আক্তারুজ্জামান, তাজুল ইসলাম মাস্টার, মহাসচিব হাসরত খান ভাসানী প্রমুখ।
শেখ আনোয়ারুল হক বলেছেন, বর্তমানে দেশ আধিপত্যবাদের কবলে নিপতিত, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন। সরকার তার নির্বাচনী ওয়াদা পালনে ব্যর্থ হয়েছে। খুন-রাহাজানি নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শ্বেতসন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে অমানবিক নির্যাতন আর বাকশালি স্বৈরতন্ত্রের মতো রাজনৈতিক নেতাদের নিশ্চিহ্ন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। অন্য বক্তারা বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই দেশ ও গণবিরোধী এ সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।
ছাত্রমোর্চা : ইসলামী ছাত্রমোর্চার কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল আজিজ বলেছেন, মহাজোট সরকারের ২ বছরে সবচেয়ে বড় সফলতা হলো ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করা। এছাড়া গত বছর ১ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকরের মৃত্যু, ১৪ মার্চ যশোরে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নেতা রিপন হোসেন দাদার মৃত্যু, ৭ জানুয়ারি রাজশাহী পলিটেকনিক্যাল কলেজের ছাত্রমৈত্রী নেতাসহ বিরোধী ছাত্র সংগঠনের অসংখ্য মেধাবী ছাত্রকে প্রকাশ্যে হত্যা, গুপ্ত ও নির্যাতন করার ঘটনা ঘটে।
বিশেষ করে ১৬ মার্চ ঢাকা কলেজে সংঘর্ষ, ১২ মার্চ ও ২৫ ফেব্রুয়ারি ইডেন কলেজে সংঘর্ষসহ ইভটিজিংয়ের মতো কার্যক্রমে ধরা পড়ে কলেজ থেকে বহিষ্কার হওয়া ছাত্রীগের সোনার ছেলেদের সাংগঠনিক কার্যক্রমে খুশি হয়ে প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন। গতকাল সংগঠনের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

দুঃশাসনের দুই বছর



জাহেদ চৌধুরী

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুই বছর পূর্ণ হলো আজ। বিরোধী মতকে দলন ও প্রতিবেশীদের স্বার্থরক্ষায় সরকার এ দু’বছরে সাফল্য দেখালেও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।
নির্বাচনের আগে মহাজোট ১০ টাকা কেজির চাল, দ্রব্যমূল্য সহনশীল রাখা, সিন্ডিকেটমুক্ত বাজার, কৃষকদের বিনামূল্যে সার, প্রতি পরিবারে একজনের চাকরি, সবার জন্য বাসস্থানসহ নানা স্বপ্ন দেখিয়েছিল। আইনশৃঙ্খলা ও লোডশেডিং পরিস্থিতির উন্নয়ন, সুশাসনসহ দিনবদলের স্লোগান দিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এলেও দু’বছরের মাথায় মানুষ আশাহত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলে ও দলের পুরনো নেতাদের বাদ দিয়ে অপেক্ষাকৃত অনভিজ্ঞ অপরিচিতদের মন্ত্রিসভায় স্থান দিয়ে চমক দেখিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। কিন্তু বাস্তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চরম ব্যর্থতা, অসহনীয় লোডশেডিং, লাগামহীন দলীয়করণ, সুশাসনের অভাব, দুর্নীতির ব্যাপক বিস্তারে মানুষ ক্ষুব্ধ হয়েছে।
নির্বাচনী অঙ্গীকার পালনে সরকারের ব্যর্থতা চরমভাবে ফুটে ওঠেছে। ভারতের সঙ্গে বিতর্কিত চুক্তি, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ভারতে টিপাইমুখ বাঁধ নির্মাণে পরোক্ষ সমর্থন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। শিক্ষাঙ্গনে রক্তপাত, ছাত্রলীগ ও যুবলীগসহ সরকারদলীয় ক্যাডারদের চাঁদাবাজি ও টেন্ডার সন্ত্রাস, সরকারি কর্মকর্তাদের গায়ে শাসক দলীয় দুর্বৃত্তদের হাত দেয়ার ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। গার্মেন্টসহ শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা ছিল দু’বছর জুড়ে আলোচিত। রাজধানীতে দুর্বিষহ যানজটসহ জনদুর্ভোগ সৃষ্টিকারী নানা পদক্ষেপ সরকারের ব্যর্থতার পাল্লাকে প্রকট করে তুলেছে গত দু’বছরে। মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দেয়ার প্রতিশ্রুতি গত দুই বছরেও বাস্তবায়ন করেনি মহাজোট সরকার। এরই মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সর্বশেষ বিচার বিভাগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে তার ৩৮ বছরের পুরনো বাড়ি থেকে উচ্ছেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার নাম বিমানবন্দর থেকে মুছে ফেলা কিংবা যুদ্ধপারাধীদের বিচারের নামে বিভিন্ন রাজনৈতিক নেতাদের রিমান্ডে নির্যাতনে যত তত্পর ছিল জনস্বার্থ বিষয়ে সরকারের সে রকম তত্পরতা চোখে পড়েনি।
বিরোধী দলের নেতাদের রিমান্ডে নির্যাতন, গণমাধ্যমের ওপর আঘাত ও আমার দেশ পত্রিকা, চ্যানেল ওয়ান বন্ধসহ মিডিয়া দলন, সাংবাদিক হত্যাকাণ্ড, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকারের লঙ্ঘন, হত্যা-গুম, সীমান্তে প্রতিনিয়ত বিএসএফের হাতে বাংলাদেশীদের হত্যা ঠেকাতে ব্যর্থতা, ইভটিজিং বৃদ্ধি, দু’বছরে মাত্র তিন হরতালের মুখোমুখি হয়েও হরতাল কর্মসূচিতে অংশ নেয়া নারীদের রাজপথে শ্লীলতাহানির ঘটনা মানুষকে হতাশ করেছে।
গত দু’বছরে সরকার পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থন ধরে রাখতে সক্ষম হলেও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। শ্রমবাজারেও এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে। বিরোধী দলবিহীন জাতীয় সংসদ এরই মধ্যে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসিতে ঝোলানো ও যুদ্ধাপরাধীদের বিচার শুরুকে সরকার নিজেদের বড় সাফল্য হিসেবে দেখছে। গত দু’বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি দীর্ঘদিন থাকলেও সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ক্ষুদ্র বিনিয়োগকারীদের রাস্তায় বসিয়ে দিয়েছে। হাইকোর্ট, সুপ্রিমকোর্টের রায় নিয়ে সংসদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন করে ফেলাকেও সরকার তাদের বড় সাফল্য হিসেবে দেখছে। শিক্ষা ও কৃষি ছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের পারফরমেন্স নিয়ে খোদ সরকারের ভেতরেই প্রশ্ন রয়েছে। এরই মধ্যে মহাজোট সরকার বিচার বিভাগে বিতর্কিত পছন্দসই লোকদের নিয়োগ ও সুপারসিডের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছে। প্রশাসনে নিরঙ্কুশ দলীয়করণের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে বর্তমান সরকার। দুর্নীতি রোধের শ্লোগান নিয়ে ক্ষমতায় এসে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতাকেই খর্ব করেছে বর্তমান সরকার। প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে বিরুদ্ধ মতের প্রতি সরকারের অসহিষ্ণু মনোভাব প্রকট হয়েছে। একদলীয় বাকশালের আদর্শ আওয়ামী লীগ পুরোপুরি ত্যাগ করেনি এ কথা দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হানিফ প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এলেও সরকারের কাজে কিংবা শাসক দলের নেতাদের বক্তৃতা-বিবৃতিতে এর কোন প্রতিফলন নেই। অশালীন কথার্বাতা ও মিথ্যাচার ভর করেছে সরকারের শীর্ষ পর্যায়ের অনেকের ওপর।
বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা, নাগালের বাইরে দ্রবমূল্য : ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকার যেদিন ক্ষমতায় আসে সেদিন মোটা চালের কেজি ছিল ২৪ থেকে ২৭ টাকা। সেই চালের কেজি এখন ৩৮ থেকে ৪০ টাকায় পৌঁছেছে। এভাবে আটা, তেল, পেঁয়াজ, হলুদ, মরিচসহ প্রতিটি নিত্যপণ্যের দাম এখন গত বিএনপি আমলের দ্বিগুণেরও বেশি। কোনো কোনো ক্ষেত্রে তিনগুণও হয়েছে। তত্ত্বাবধায়ক আমলে চালসহ নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গিয়েছিল, সে রেকর্ডগুলোও এরই মধ্যে ভেঙে ফেলেছে মহাজোট সরকার।
দেশজ উত্পাদন বাড়ানোর কোনো উদ্যোগ না নিয়ে ভারতমুখী অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে সরকার। এতে দেশের কৃষকরা উত্পাদনে দিন দিন নিরুত্সাহী হচ্ছেন। সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বিএনপি আমলে যেখানে মসুর ডালের কেজি ছিল ৪৫ থেকে ৬০ টাকা। আওয়ামী সরকারের আমলে তা এখন দাঁড়িয়েছে ১০৫ টাকা থেকে সর্বোচ্চ ১৪০ টাকায়। খোলা সয়াবিন তেলের দামও বেড়েই চলছে। ৪৮ টাকার সয়াবিন এখন ১০০ টাকা লিটার। পেঁয়াজের কেজি পৌঁছেছে ৫৫-৬০ টাকায়। চিনির কেজি ৬০ টাকা। বাজার মনিটরিংয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এভাবে প্রতিটি নিত্যপণ্যের দামই আকাশছোঁয়া।
লোডশেডিং বেড়েছে, গ্যাস উত্পাদন কমেছে : বিদ্যুত্ সমস্যার সমাধানের কথা বলে সরকার ক্ষমতায় এলেও দিনে ১৮ ঘণ্টা লোডশেডিংয়ের রেকর্ড হয়েছে বিদায়ী বছরে। লোডশেডিং ঠেকাতে ঘড়ির কাঁটার পরিবর্তন করেও পরিস্থিতি সামাল দেয়া যায়নি। দিনে প্রতি দু’ঘণ্টা পরপর এক ঘণ্টা বিদ্যুত্ থাকবে বলে সরকারের দেয়া ঘোষণা প্রমাণ করে ২৪ ঘণ্টার মধ্যে সরকারিভাবেই ১৬ ঘণ্টা লোডশেডিং করা হয়েছে। গ্রামের অবস্থা ছিল আরও ভয়াবহ। কোনো কোনো জেলা ও উপজেলা শহরে এমনও সময় গেছে ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাও বিদ্যুত্ থাকেনি।
তত্ত্বাবধায়ক আমলে যেখানে ৪ হাজার ১০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত্ উত্পাদিত হয়েছে সেখানে বর্তমানে গড়ে বিদ্যুত্ উত্পাদন হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ মেগাওয়াট। ফলে লোডশেডিং অসহনীয় পর্যায়ে চলে গেছে। গ্যাস উত্পাদনও বাড়াতে ব্যর্থ হয়েছে সরকার। গ্যাস সঙ্কট তীব্র রূপ নিলে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্যাসের অভাবে শিল্প-কারখানায় উত্পাদনে স্থবিরতা দেখা দিয়েছে। দেশে বিদ্যুতের উত্পাদনে ধস নেমেছে। চার বছরের মধ্যে সর্বনিম্ন ৩ হাজার ২৮৩ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয়েছে গত ১ ডিসেম্বর বুধবার। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা পিকআওয়ারে বিদ্যুত্ উত্পাদিত হয়েছে ৩ হাজার ৩৭০ মেগাওয়াট, যা প্রায় ৪ বছর আগে ২০০৭ সালের গোড়ার দিকের গড় বিদ্যুত্ উত্পাদনের চেয়েও কম। ২০০৬ ও ২০০৭ সালে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের গড় উত্পাদন ছিল ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৭০০ মেগাওয়াট। ৪ বছরে বিদ্যুতের চাহিদা যেখানে দেড় হাজার মেগাওয়াটের অধিক বেড়েছে, সেখানে বিদ্যুত্ উত্পাদনে এ ভয়াবহ ধস নামায় ঘাটতি বৃদ্ধি পেয়েছে মোটা দাগে। কুইক রেন্টালের নামে বিনা টেন্ডারে দলীয় লোকজনকে উচ্চদরে বিদ্যুেকন্দ্রের কাজ দেয়ার পরও উত্পাদন পরিস্থিতির উন্নতি না হয়ে অবনতি ঘটে চলেছে। শীতের কারণে গ্রাহকরা গরমের কষ্ট থেকে রেহাই পেলেও বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে শিল্প-কারখানায় উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ফাইনাল পরীক্ষার্থীদের পড়ালেখা হচ্ছে বিঘ্নিত। বিদ্যুিনর্ভর সব খাতেই সৃষ্টি হচ্ছে অচলাবস্থা।
গুপ্তহত্যা ও ক্রসফায়ার : গুপ্তহত্যা ও ক্রসফায়ারসহ বিচারবহির্ভূত সব ধরনের হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী আগের বছরের তুলনায় গত বছরে ক্রসফায়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এ নিয়ে দেশ-বিদেশে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হলেও ক্রসফায়ার বন্ধ হচ্ছে না। সর্বশেষ উইকিলিকসের ফাঁস করা তথ্যেও ক্রসফায়ারে র্যাবের জড়িত থাকার কথা উল্লেখ করে র্যাবকে ডেথ স্কোয়াড ও মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভিন্নমতের রাজনৈতিক নেতাদের ক্রসফায়ারের নামে পরিকল্পিত হত্যা করা হচ্ছে। এক পরিসংখ্যান অনুযায়ী ১১ মাসে ১৪৯ জন বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড সৃষ্টি করেছে এ সরকার। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলছেন, দেশে ক্রসফায়ারের কোনো ঘটনা ঘটছে না। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ থেকে সুয়োমোটো রুল ইস্যু করা হয়েছে। রুল ইস্যু করার পরও ক্রসফায়ার অব্যাহত থাকায় হাইকোর্ট বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে। সিরাজ শিকদার হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবের আমলে ক্রসফায়ার শুরু হয়েছিল। এদিকে ঢাকার প্রভাবশালী ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা চৌধুরী আলমসহ বিরোধী দলের অনেকেই সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যার শিকার হয়েছেন।
প্রতিবেশী দেশের স্বার্থরক্ষা, পরনির্ভর পররাষ্ট্রনীতি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই জানুয়ারি মাসে ভারত সফরে গিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট দু’টিসহ তিনটি চুক্তি ও ৫০ দফা সমঝোতা স্মারক সই করে ব্যাপকভাবে আলোচনায় আসেন। প্রধান বিরোধী দল বিএনপি দেশের স্বার্থবিরোধী চুক্তি করার অভিযোগ আনে শেখ হাসিনার বিরুদ্ধে। সংসদে এসব চুক্তি প্রকাশের দাবি জানান। কিন্তু সংবিধান অনুযায়ী আজও এসব চুক্তি প্রকাশ করা হয়নি। চুক্তি ও সমঝোতা স্মারকের আলোকে ভারতে ট্রানজিট ও করিডোর দেয়ার আয়োজন সম্পন্ন হয়েছে। ট্রানজিট দিয়ে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত নামমাত্র ফি দিয়েই ভারত সড়ক, রেল ও নৌ ট্রানজিট সুবিধা নিশ্চিত করেছে বলে এ নিয়ে আলোচনা-সমালোচনা ছিল বছরজুড়েই। এছাড়া ভারত থেকে উচ্চ সুদে ও কঠিন শর্তে এক বিলিয়ন ডলার ঋণ ভারতের ট্রানজিট সুবিধা নিশ্চিত করতেই ব্যয় হবে নিশ্চিত হওয়ার পর সুধীসমাজে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক ধরে রাখতে সক্ষম হলেও গত দু’বছরে মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। ফলে মুসলিম দেশে শ্রমবাজার হারিয়েছে সরকার। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হলেও এ সম্পর্ক একতরফা ভারতের স্বার্থে কাজে লাগছে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। প্রতিবেশী একটি দেশ যা চায়, তা বাস্তবায়নই যেন সরকারের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। পরনির্ভর পররাষ্ট্রনীতির কারণে এ দেশ কোনো কোনো বৃহত্ শক্তিরও প্রতিপক্ষ হতে শুরু করেছে।
সমুদ্রসীমা বিষয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য না দেয়া, সমুদ্রবক্ষে ৮০ ভাগ গ্যাস রফতানির সুবিধা রেখে তিনটি ব্লক বহুজাতিক কোম্পানিকে ইজারা দেয়াসহ নানা ইস্যুতে সরকার প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়েছে। টিপাইমুখ ইস্যুতে যেখানে সিলেটসহ সারাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে, সেখানে সরকার আধিপত্যবাদের দালালিপনায় ব্যস্ত রয়েছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ভারতীয় বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগের প্রস্তাবের মাধ্যমে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করার উদ্যোগকেও সরকার ইতিবাচকভাবে দেখছে।
দুর্নীতির বিস্তার : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ নিচে নেমেছে। আগের চেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। টিআইবির সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, সেবাখাতের মধ্যে দেশের বিচার বিভাগ সর্বাধিক দুর্নীতিগ্রস্ত। ৮৮ শতাংশ খানা এ খাতের দুর্নীতির শিকার। শুনানি দ্রুত করানো কিংবা শুনানির তারিখ পেছানো, মামলার রায়কে প্রভাবিত করা, ডকুমেন্ট উত্তোলন বা গায়েব করতে ঘুষ বা বিধিবহির্ভূত অর্থ দিতে হয়েছে তাদের। ২০০৭ সালে বিচার বিভাগের দুর্নীতি ও হয়রানির শিকার ছিল ৪৭ দশমিক ৭ শতাংশ খানা। সে হিসাবে এ খাতে দুর্নীতির হার বেড়েছে প্রায় ৮৫ শতাংশ। এরপরই রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও ভূমি প্রশাসন। গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘সেবাখাতের দুর্নীতি : জাতীয় খানা জরিপ-২০১০’-এ এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
জরিপ অনুযায়ী বাংলাদেশের ৮৪ দশমিক ২ শতাংশ খানাকে সেবা নিতে গিয়ে কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হতে হয়েছে। দুর্নীতির কারণে বছরে প্রায় ৯ হাজার ৫৯১ দশমিক ৬ কোটি টাকা ঘুষ বা নিয়মবহির্ভূতভাবে অর্থ প্রদান করতে হয়েছে। সেবাখাতের মধ্যে ঘুষ আদায়ের শীর্ষে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এরপর ভূমি প্রশাসন ও বিচার বিভাগ। ২০০৭ সালের তুলনায় ২০১০ সালে বিচার বিভাগ, ভূমি প্রশাসন ও বিদ্যুত্খাতে দুর্নীতি ও হয়রানি বৃদ্ধি পেলেও পুলিশ, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও শিক্ষাখাতে কমেছে। তবে ২০০৭ সালের তুলনায় ২০১০ সালে সার্বিকভাবে দেশে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে বলে জরিপে তথ্য প্রকাশ করা হয়।
জরিপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, এটি দুর্নীতির সার্বিক চিত্র নয়, এর ব্যাপকতা আরও অনেক বেশি।
বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করে সরকার ক্ষমতায় এলেও গত বছরে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে কয়টি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দুর্নীতি আগের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করা হয়েছে।
নির্যাতনের শিকার মিডিয়া : দৈনিক আমার দেশ বন্ধ করে দেয়া, চ্যানেল ওয়ান বন্ধ করা, টেলিভিশনের টক-শো বন্ধ করে দেয়াসহ গণমাধ্যমের ওপর আঘাত ছিল সরকারের দ্বিতীয় বছরে আলোচিত বিষয়গুলোর অন্যতম। আমার দেশ পত্রিকার জনপ্রিয় সম্পাদক মাহমুদুর রহমানকে পত্রিকা কার্যালয় থেকে বিনা ওয়ারেন্টে গত ১ জুন রাতে ধরে নিয়ে যায় পুলিশ। ১২ দিনের রিমান্ডে নিয়ে বিবস্ত্র করে তার ওপর চালানো হয় বর্বর নির্যাতন। বাংলাদেশের ইতিহাসে যা নজিরবিহীন। এর আগে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ঘুষ গ্রহণের অভিযোগের তদন্তের রিপোর্ট প্রকাশ করায় আমার দেশ ও এর সম্পাদক মাহমুদুর রহমান সরকারের রোষানলে পড়েন। একে একে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ২৬টি মামলা দেয়া হয়। গ্রেফতারের পর আরও মামলা দিয়ে তাকে হয়রানি ও নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। এখন তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে অর্ধশত। এরই মধ্যে আদালত অবমাননার অভিযোগ এনে একটি প্রতিবেদনের জন্য আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের দণ্ড ও এক লাখা টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমানকে এক মাসের দণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অথচ আদালত অবমাননা আইনে সর্বোচ্চ জরিমানা হলো ২ হাজার টাকা। সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সরাসরি ট্রায়ালকোর্ট হিসেবে বিচার করে এ দণ্ড ও জরিমানা দেয়। দেশের বিচার বিভাগের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী দণ্ড ও জরিমানা। রায় দেয়ার পর সাড়ে চার মাস পার হয়ে গেলেও লিখিত রায় এখনও দেয়নি আদালত। লিখিত রায় ছাড়াই দণ্ড ভোগ করছেন সম্পাদক মাহমুদুর রহমান। প্রতিবেদন দণ্ড ভোগ করে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তারপরও রায়ের কপি চূড়ান্ত হয়নি।
অকার্যকর জাতীয় সংসদ : দিনবদলের স্লোগান দিয়ে ক্ষমতায় বসা বর্তমান সরকার এক বছরে জাতীয় সংসদকেও কার্যকর করতে পারেনি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচনী ওয়াদায় বিরোধী দলকে ডেপুটি স্পিকার এবং সংখ্যা অনুপাতে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন করেনি। সংসদের সামনের সারিতে বিরোধী দলের আসন কেড়ে নিয়ে সংসদের বাইরে ঠেলে দেয়া হয়েছে বিএনপিকে। জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ কোন বিষয়ই আলোচনা হচ্ছে না। একদলীয় সংসদ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অতিসম্প্রতি সুপ্রিমকোর্টের ফুল কোর্ট রেফারেন্সেও সংসদ সার্বভৌম নয় বলে মন্তব্য করা হয়েছে।
খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ : রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার সেনানিবাসের বৈধ বাড়ি থেকে উচ্ছেদ করে। ক্ষমতায় আসার পর পর মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়। হাইকোর্ট ঘুরিয়ে বিষয়টি যখন সুপ্রিমকোর্টে বিবেচনাধীন ছিল তখনই গত ১৩ নভেম্বর ভোর থেকে জবরদস্তিমূলকভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। বাড়ি থেকে বের হয়ে তাত্ক্ষণিকভাবে গুলশানের অফিসে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জানান, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে অমানবিকভাবে টেনে-হিঁচড়ে এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। বাড়িছাড়া করার সময় পরিবারের সদস্যদের গায়ে হাত দেয়ার মতো ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। ওয়ান-ইলেভেন-পরবর্তী জরুরি সরকারের সময় যেভাবে গ্রেফতার করা হয়েছিল, ঠিক একই কায়দায় মইনুল রোডের বাড়িতে হানা দিয়ে, গেট ও দরজা ভেঙে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। সাব-কবলার মাধ্যমে চিরস্থায়ীভাবে লিজ দেয়া সুদীর্ঘ ৩৮ বছরের স্মৃতিবিজড়িত বাড়িটি দখল করে নেয়া হলো। ১২ নভেম্বর রাত থেকেই বাড়িটি ঘেরাও করে রাখে সরকারি বাহিনী। আটক করে নিয়ে যাওয়া হয় ওই বাড়ির কর্মচারীসহ অন্য বাসিন্দাদের। আপিল বিভাগে মামলা বিবেচনাধীন থাকা অবস্থায় বেগম জিয়াকে হয়রানি না করার জন্য প্রধান বিচারপতির নির্দেশনাও আমলে নেয়নি সরকার। এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে আইনজীবীরা মইনুল রোডে যেতে চাইলে তাদের ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়া হয়নি।
মামলাবাজ সরকার : একদিকে বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে কথায় কথায় মামলা দায়ের হলেও রাজনৈতিক হয়রানিমূলক মামলা বাতিলের নামে খুন, ডাকাতি, রাহাজানি মামলার আসামিদের ছেড়ে দেয়ার ঘটনাও ঘটেছে সরকারের দ্বিতীয় বছরটিতে। ১৯ জন ফাঁসির আসামিকে আপিল শুনানির আগেই রাষ্ট্রপতির ক্ষমার নামে কারাগার থেকে ছেড়ে দেয়ার ঘটনা বছরের শেষদিকে বেশ সমালোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি নেতা শাহ মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রধানমন্ত্রীপুত্রের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ উত্থাপন নিয়ে বক্তব্য দেয়ায় দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ সরকারের সমালোচনা করায় ৫ জেলায় মামলা দিয়েছে শাসক দলের লোকরা।
মামলা দেয়া, মামলা তুলে নেয়া কিংবা পুনর্তদন্তের মাধ্যমে মামলায় ভিন্নমতের লোকদের জড়িয়ে দেয়া, নিজেদের লোকদের নাম বাদ দেয়া—এসব বিষয়ে বছরজুড়েই সরকার তত্পর ছিল।
বিভিন্ন মামলা পুনর্তদন্তের নামে ভিন্নমতের লোকদের জড়িয়ে দেয়া, নতুন করে মামলা দায়ের, নিজেদের মামলাগুলোর রায় দ্রুত নিষ্পত্তি করে খালাস পাওয়া, প্রশাসনিক নির্দেশে নিজেদের হাজার হাজার মামলা প্রত্যাহার করে নেয়া, স্বাধীন সংবাদপত্রের কণ্ঠরোধ করতে ডজন ডজন মামলা দিয়ে সম্পাদক ও সাংবাদিকদের হয়রানি করার জন্য সরকারের তত্পরতা সমালোচিত হয়েছে।
যুদ্ধাপরাধীদের মামলা নিয়ে সরকার কাজের চেয়ে বেশি শোরগোল বাধিয়ে প্রমাণ করেছে, বিচারের চেয়ে রাজনৈতিক সুবিধা পাওয়াতেই তারা বেশি আগ্রহী। যদিও শেষ পর্যন্ত যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ও বিএনপির সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারের মামলাবাজি থেকে রেহাই পাননি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক দুই প্রধানসহ অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও।
প্রধানমন্ত্রীর ১১টিসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের দুই হাজারেরও বেশি মামলা প্রত্যাহার চূড়ান্ত করা হলেও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীর কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি বরং নতুন করে খালেদা জিয়ার নামে চার্জশিট দেয়া হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর নামে নানা অজুহাতে নতুন মামলা দেয়া হয়েছে। বিভিন্নজনের বিরুদ্ধে পুরনো মামলায় দ্রুত চার্জশিট দেয়া হয়েছে আদালতে। পুনর্তদন্তের নামে অনেক পুরনো মামলা নতুন করে শুরু করেছে সরকার।
বিচার বিভাগে বিতর্কিতদের নিয়োগ ও প্রশাসনে নগ্ন দলীয়করণ : বর্তমান সরকারের আমলে বিচার বিভাগে খুনের আসামি, সুপ্রিমকোর্টে ভাংচুরকারি ব্যক্তিদের নিয়োগ দেয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত ১৭ বিচারপতির অধিকাংশের তৃতীয় শ্রেণী থাকায় এ নিয়েও মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। এছাড়া নানা কারণে বিচার বিভাগ সমালোচনার মুখে পড়ে। দুই সিনিয়র বিচাপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি নিয়োগ এবং সর্বশেষ টিআইবি’র অনুসন্ধানে বিচার বিভাগ বিশেষ করে সর্বোচ্চ আদালত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে জরিপ প্রতিবেদন প্রকাশের পর বিচার বিভাগ নিয়ে বিতর্ক নতুন মাত্রা পায়। এর আগে ‘চেম্বার মানেই সরকারের পক্ষে স্ট্রে’ শিরোনামে সত্য প্রতিবেদন লেখায় আমার দেশ সম্পাদকের ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এদিকে সচিবালয় থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পর্যন্ত সর্বত্র আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলের সমর্থকদের প্রশাসনে বসানো হয়েছে। শত শত সরকারি কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে অনেককে। বেসামরিক প্রশাসনের মতো সামরিক প্রশাসনেও ব্যাপক চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। বেসামরিক প্রশাসনে সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশনায় অফিশিয়ালি দলীয় সমর্থকদের তালিকা করে তাদের পদায়ন করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সবকয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের প্রত্যক্ষ রাজনীতিতে জড়িতদের বসানো হয়েছে। বিশেষ করে যুবলীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং আন্তর্জাতিক সম্পাদক প্রফেসর ড. এমরান কবির চৌধুরীকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুটিতে নগ্ন দলীয়করণ জাতিকে হতবাক করেছে।
অনিয়ন্ত্রিত যুবলীগ, ছাত্রলীগ : বর্তমান সরকারের প্রথম দুই বছরে আলোচিত ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠানে নিজেদের মধ্যে এবং অন্য সংগঠনের সঙ্গে হানাহানিতে জড়িয়ে পড়ে সরকারি ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে ব্যাপকভাবে জড়িয়ে পড়ে এ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সময় চাপাতি, কিরিচ, হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের এক গ্রুপকে অপর গ্রুপের ওপর হামলা করতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ মেধাবী ছাত্র আবু বকরকে প্রাণ দিতে হয়েছে। রাজশাহীতে ছাত্রলীগের হাতে মারা গেছেন ছাত্রমৈত্রীর এক নেতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে প্রাণ হারিয়েছেন ছাত্রলীগ কর্মী ফারুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এভাবে প্রতিনিয়তই দেশের কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটতে থাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বয়ং ছাত্রলীগের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছেন। দলের একাধিক নেতা প্রকাশ্যেই ছাত্রলীগের সমালোচনা করেছেন। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাত্রলীগের মধ্যে ছাত্রশিবির ঢুকে হানাহানির ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করেছেন।
প্রথম বছরের মতো দ্বিতীয় বছরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডে সরকার সমালোচিত হয়। সর্বশেষ গত মঙ্গলবারও প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রলীগ, যুবলীগের দায়িত্ব আওয়ামী লীগ নেবে না বলে দলের শীর্ষ পর্যায় থেকে মন্তব্য করা হয়। বিভিন্ন অপকর্মের জন্য ছাত্রলীগ ও যুবলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে স্থায়ী এবং সাময়িক বহিষ্কার করা হয়। কিন্তু পরিস্থিতি বদল হয়নি।
গত ১৭ সেপ্টেম্বর পাবনায় স্বাস্থ্য অধিদফতরে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা কেন্দ্রে হামলা চালিয়ে পরীক্ষা ভণ্ডুলের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদের লাঞ্ছিত করে। এর জের ধরে পাবনার ডিসি-এসপিসহ জেলা প্রশাসনের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। অভিযোগ রয়েছে, পাবনার এই ঘটনার ইন্ধনদাতা ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। এরপর ৮ অক্টোবর নাটোরে বিএনপির একটি মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালালে নাটোরের বনপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু নিহত হন। ভিডিও ফুটেজে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা চিহ্নিত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।
ইভটিজিং : নারী, শিশু হত্যা, খুন, শ্লীলতাহানি, যৌতুকের জন্য নির্যাতন, এসিড সন্ত্রাসের পাশাপাশি নতুন উপদ্রব হিসেবে দেখা দেয় ইভটিজিং। সাম্প্রতিক সময়ে ইভটিজিং নামের যৌন নিপীড়ন থেকে রেহাই পাওয়ার জন্য কিশোরী ও তরুণীরা জীবনও দিচ্ছে। সারাদেশে ইভটিজিংবিরোধী সভা-সমাবেশের পরও বন্ধ থাকেনি এ যৌন হয়রানির অপরাধ। এ পর্যন্ত ইভটিজিংয়ের শিকার হয়ে একডজন তরুণী আত্মাহুতি দিয়েছে। ইভটিজিংয়ে জড়িত থাকার অভিযোগে অনেককে দণ্ড দেয়া হলেও থেমে থাকেনি ইভটিজিং।
বিদেশে শ্রমবাজারে ধস : সরকারের দুর্বল কূটনীতির কারণে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার এরই মধ্যে স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি মিডিয়ায় বলেন, সহসাই তারা বাংলাদেশী শ্রমিক নেয়ার অনুমতি দেবে না। এদিকে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, ব্রুনাই, ওমান, মরিশাশে ২০০৯ সালে কোনো বাংলাদেশী শ্রমিক নেয়া হয়নি। শ্রমিক নেয়ার পুরো প্রক্রিয়াই বন্ধ রয়েছে। ২০১০ সালের ২০ এপ্রিল সৌদি প্রবাসী পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ দেয়া হলেও বাংলাদেশী শ্রমিকদের তা দেয়া হয়নি। এতে আকামাজনিত সমস্যার কারণে লক্ষাধিক শ্রমিক সহায়-সম্বলহীন অবস্থায় বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হচ্ছে। বিদেশে শ্রমিক নিয়োগ বন্ধ থাকার কারণে এ ব্যবসার সঙ্গে জড়িত ৮৫ শতাংশ ব্যবসায়ীর কোনো কাজ নেই। অনেকে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি লাইসেন্স নবায়ন করতে পারেনি। এ বিষয়ে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার নির্বাহী কমিটির সদস্য ফোরকান উদ্দিন গত ২৬ ডিসেম্বর বলেন, ব্যবসায় মন্দা চলছে। এখন ৮৫ শতাংশ ব্যবসায়ী বেকার।
বিনিয়োগ নেই : দেশি-বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় এবং রফতানিতে ধস, কাঁচামাল ও যন্ত্রপাতির আমদানি হ্রাস পেয়েছে কয়েকগুণ। গ্যাস ও বিদ্যুত্ সরবরাহ না থাকায় চলমান সহস্রাধিক শিল্প অচল হতে বসেছে। গত দুই বছরে তিন শতাধিক গার্মেন্ট বন্ধ হয়েছে। গ্যাস ও বিদ্যুত্ সরবরাহের আশ্বাস না পাওয়ায় দেশি-বিদেশি কোনো উদ্যোক্তা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। বরং ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছেন অনেকে। দেশীয় ব্যাংকে রয়েছে ৪০ হাজার কোটি অলস টাকা। কিন্তু বিনিয়োগের পরিবেশ না থাকায় দেশে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। চাঁদাবাজি, গ্যাস-বিদ্যুত্ সঙ্কট ও নিরাপত্তাহীনতা এক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছে।
শেয়ারবাজারে পতন : রেকর্ড লেনদেন ও সূচকের বড় ধরনের উত্থান-পতনে বছর পার করেছে দেশের শেয়ারবাজার। নতুন নতুন বিনিয়োগকারীর আগমনে শেয়ারবাজারে একদিকে বেড়েছে লেনদেন, অন্যদিকে একই সমান্তরালে বেড়েছে ঝুঁকি। পর্যাপ্ত শেয়ার সরবরাহ না থাকার কারণে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দরই বেড়ে যায় কয়েকগুণ। অস্বাভাবিক দাম বাড়ার কারণে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে শেয়ারবাজার। বছরের শুরু থেকেই ক্রমান্বয়ে এ ঝুঁকির পরিমাণ বাড়তে থাকে। অস্বাভাবিক দাম বাড়ার কারণে বাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়। পরিণতিতে বছর শেষে ভয়াবহ দরপতন হয়েছে শেয়ারবাজারে। ১৯৯৬ সালে শেয়ারবাজারে ভয়াবহ ধসের যে দুঃসহ স্মৃতি, তাকেও হার মানিয়েছে এবারের দরপতন। এ দরপতনের কারণে সূচক, মূলধন, লেনদেনের সব রেকর্ড ম্লান হয়ে গেছে। রেকর্ড দরপতনের কারণে হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজি হারিয়ে প্রায় নিঃস্ব হয়েছে। ফলে তাদের বিক্ষোভ, সমাবেশ, মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। সর্বশেষ গতকালও পর পর তৃতীয় দিনের মত শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বিক্ষোভ ভাঙচুর হয়েছে রাজপথে। সরকার দু’বছরের মাথায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে শেয়ারবাজার এখন এক আতঙ্কের নাম।
নাম বদলের হিড়িক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আওয়ামীকরণ প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে সরকার আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর নাম পরিবর্তন করতেও দ্বিধা করেনি। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে নির্মিত ‘ভাসানী নভোথিয়েটার’-এর নাম বদলে এখন শেখ মুজিবুর রহমানের নাম দেয়া হয়েছে। চীনের অর্থায়নে নির্মিত চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হয়েছে। স্বাধীনতার মহান ঘোষক ও মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’-এর প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম নিশ্চিহ্ন করার উদ্যোগ নেয় সরকার। ক্ষমতা গ্রহণের দ্বিতীয় মাসেই তারা চারদলীয় জোট সরকারের সময় প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ফেলে। জাতীয় স্টেডিয়াম, সিলেট বিমানবন্দর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে স্বাধীনতা স্তম্ভ থেকে রাতের আঁধারে শহীদ জিয়ার ম্যুরাল ভেঙে ফেলা হয়। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম মুছে ফেলতে ডিসেম্বরের প্রথম দিকে মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত নেয়া হয়।
উপদেষ্টানির্ভর প্রশাসন ও এমপিদের বিতর্কিত কর্মকাণ্ড : গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দক্ষ রাজনীতিকরা সরকারের নেতৃত্ব দেবেন এটাই নিয়ম। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে দক্ষ রাজনীতিকের বদলে দুর্নীতিবাজ টেকনোক্র্যাটদের উপেদষ্টা বানিয়ে প্রশাসন চালানোর পদক্ষেপ নেয়। এখনও অনেক মন্ত্রী জানেনই না কীভাবে তার মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে। উপদেষ্টারাই হয়ে বসেছেন সর্বেসর্বা। এক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভি, সংস্থাপন উপদেষ্টা এইচটি ইমাম, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী এবং স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাচ্ছেরকে নিয়ে স্বয়ং সরকারি দলেই চলছে ব্যাপক অসন্তোষ ও কানাঘুষা।
সরকারের মন্ত্রিসভা চমক লাগানোর মতো কোনো উদাহরণ সৃষ্টি করতে পারেনি দুই বছরে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী-এমপির বেপরোয়া আচরণের চরম মূল্য গোটা দলকে দিতে হয়েছিল পরবর্তী নির্বাচনে। ওই ঘটনা থেকে এবার দলটি শিক্ষা নিয়েছে বলে মনে হচ্ছে না। এছাড়া গত বছর পাবনা ও নাটোরের সহিংস ঘটনায় ক্ষমতাসীন দলকে বিপাকে পড়তে হয়।
গত দুই বছরে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য যেসব সংসদ সদস্যের নাম বারবার উচ্চারিত হয়েছে তাদের মধ্যে আছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, পটুয়াখালী-৩ আসনের গোলাম মাওলা রনি, কক্সবাজার-৪-এর আবদুর রহমান বদি, চট্টগ্রাম-১০ আসনের এম আবদুল লতিফ, ঢাকা-১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা, ময়মনসিংহ-১০ আসনের গিয়াস উদ্দিন আহমেদ, যশোর-১-এর শেখ আফিল উদ্দিন, পাবনা-৫ আসনের গোলাম ফারুক খন্দকার প্রিন্স ও বরিশাল-২ আসনের সরকারদলীয় এমপি মনিরুল ইসলাম মনি।
গত বছরের ১৩ আগস্ট নুরুন্নবী চৌধুরী শাওনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে রাজধানীর সেগুনবাগিচা এলাকার যুবলীগ নেতা ইব্রাহিম আহমেদের মৃত্যু নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, শাওনের গুলিতেই ইব্রাহিম খুন হন। তবে এরপর যুবলীগ তাদের নেতা শাওনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সরকারও কার্যকর ব্যবস্থা নেয়নি। গত বছরের জুনে আশুলিয়া বাজারসংলগ্ন সেতুর কাছে কর্তব্য পালনের সময় ইলিয়াস মোল্লা সাভারের ট্রাফিক সার্জেন্ট মো. শরীফুল ইসলামকে মারধর করেন। যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নেয়ায় শার্শা থানার ওসিকে মারধর করেন আফিল উদ্দিন। নিজ এলাকায় বিভিন্ন কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন আবদুর রহমান বদি ও গোলাম মাওলা রনি। ভূমি দখল, স্থানীয় নেতাকর্মীদের পেটানো, সরকারি জমিতে অবৈধ স্থাপনা, পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে দু’জনের বিরুদ্ধে। আবদুল লতিফ বিভিন্ন সময়ে চট্টগ্রাম বন্দরের আধিপত্য নিয়ে লড়াইয়ে বিতর্কিত হয়েছেন। পাশাপাশি দুই বছর ধরে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি সারাহ বেগম কবরী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মধ্যে বিবাদ লেগেই ছিল। বরিশাল-২ আসনের সরকারদলীয় এমপি মনিরুল ইসলাম মনি গত সোমবার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে প্রহার করে সর্বশেষ আলোচনায় আসেন।
বিডিআর বিদ্রোহ : সরকার ও গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দফতরে পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সরকারের সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার কারণে এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন সৈনিক প্রাণ হারান। এ হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী দুটি বাহিনীকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করানো হয়। এ ঘটনায় সরকারের একাধিক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে পাওয়া গেলেও হয়রানির শিকার হয়েছেন বিরোধী দলের এক এমপিসহ অনেকে। ঘটনাকে ভিন্নখাতে নিতে বিরোধীদলীয় রাজনীতিক ও দেশের বিশিষ্ট আইনজীবীদের হয়রানি করা হয়।
হত্যাকাণ্ড ও বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় কয়েক হাজার জওয়ানকে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের করুণার ওপর নির্ভর করছে আমাদের সীমান্ত নিরাপত্তা। এমনকি স্বাধীনতার ৩৮ বছরেও বিএসএফ সীমান্তের নোম্যান্সল্যান্ড অতিক্রম করতে যেখানে সাহস পায়নি, সেসব জায়গায় বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে বিভিন্ন নির্মাণ কাজেও বাধা দেয়। বিডিআর দুর্বল হওয়ার ফলে এই সাহস পায় বিএসএফ।
গত বছর বিভিন্ন স্থানে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত অনেক সদস্যের বিচার হয়েছে। গতকাল থেকে সাধারণ কোর্টে শুরু হয়েছে পিলখানা হত্যাযঞ্জের বিচার। এরই মধ্যে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়েছে। তাদের পোশাকও পরিবর্তন করা হয়েছে
।

সিপিডির মূল্যায়ন : সরকারের অব্যবস্থাপনায় গতি পায়নি অর্থনীতি

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, বিদ্যুত্ ও জ্বালানি খাত দেশের অর্থনীতিতে দুষ্টচক্র তৈরি করেছে। আর সমন্বয়হীনতার কারণে বিদ্যুত্ খাতে উত্পাদন পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না। এছাড়া রেন্টাল বিদ্যুত্ কেন্দ্র থেকে অধিক দামে বিদ্যুত্ কেনা সরকারের জন্য দুষ্টক্ষত তৈরি করবে বলে মনে করছে গবেষণা সংস্থাটি। সিপিডি আরও বলেছে, সরকারের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি গতি পায়নি, উপরন্তু অর্থনীতি নানামুখী চাপের মুখে রয়েছে। আইএমএফ ও ভারত থেকে ঋণ নেয়ার সমালোচনা করে তারা বলেছে, কঠিন শর্তযুক্ত এ ঋণ নেয়ার প্রয়োজন নেই।
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকালে দেশের পুঁজিবাজারের বর্তমান ‘বুদবুদ’ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সিপিডি বলেছে, ছলচাতুরীর আশ্রয় নিয়ে বাজার বিকৃতির সংগঠিত প্রচেষ্টায় দেশের পুঁজিবাজার অতিমূল্যায়িত হয়ে আছে, যা দেশের প্রকৃত অর্থনীতিতে কৃত্রিম অবস্থা সৃষ্টি করছে। এ অবস্থায় মূল্য সংশোধন হবে, না পুঁজিবাজারে ধস নামবে—তা বলা মুশকিল। তবে বর্তমান পুঁজিবাজার পরিস্থিতিতে আশঙ্কা ব্যক্ত করে সিপিডি বলেছে, লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে সুরক্ষা দিতে সরকারকে এখনই একটা কিছু করতে হবে। তা করা না হলে পুঁজিবাজারের এ অবস্থা রাজনীতিকে কলুষিত করে দেশে একটি যোগসাজশের অর্থনীতি সৃষ্টি হতে পারে বলে সিপিডি মনে করে।
গবেষণা সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বেশ কয়েকটি খাতে ঝুঁকি চিহ্নিত করা হয়। এগুলো হচ্ছে বিনিয়োগ পরিস্থিতি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুত্, পুঁজিবাজার এবং বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়। এছাড়া আইএমএফের কাছ থেকে ঋণ নেয়া ও সঙ্কোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতির রাশ টেনে ধরতে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা করেছে সিপিডি। এছাড়া ভারতীয় ঋণে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে সিপিডির মতামত জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে বক্তব্য রাখেন সিপিডির সাবেক নির্বাহী পরিচালক ও সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ড. উত্তম কুমার দেবসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিপিডি বলেছে, ২০১০-১১ সালের প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ছিল এবং অর্থনীতিতে সম্ভাবনাময় পরিস্থিতি বিরাজ করছিল। আর সম্ভাবনাময় পরিস্থিতির বিপরীতে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার কিছু খাতে ‘টান টান’ পরিস্থিতি বিরাজ করেছে। দেবপ্রিয় বলেন, রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগে নেতিবাচক প্রবৃদ্ধি এবং আমদানি চাহিদা বাড়ার কারণে আর্থিক খাতের ভারসাম্য রক্ষায় এক ধরনের চাপ তৈরি হয়েছে ঠিক, কিন্তু সঠিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে এই চাপ সামলানোর ক্ষমতাও রয়েছে দেশের।
সিপিডি সমালোচনা করে বলেছে, বর্তমান সরকারের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি গতি পায়নি এবং বর্তমানে অর্থনীতি নানামুখী চাপের মুখে রয়েছে। রাজস্ব আদায় পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও ঘাটতি অর্থায়নে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে হবে। কারণ, বিদেশি ঋণ সহায়তা ও সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ কমে গেছে। কমে গেছে এনবিআর-বহির্ভূত খাত থেকে রাজস্ব আদায়ের পরিমাণও। অন্যদিকে সরকার বিশাল আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করলেও তা বাস্তবায়নের হার বিগত বছরগুলোর তুলনায় অনেক কম। এছাড়া সরকারের পিপিপি উদ্যোগও কোনো কাজে আসেনি। পিপিপির আওতায় মাত্র দুটি প্রকল্প নির্বাচন সম্ভব হয়েছে। সিপিডির গবেষণায় বেরিয়ে এসেছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ক্ষেত্রে গত ছয় মাসে তেমন কোনো সফলতা আসেনি। ২৩টি প্রকল্প পিপিপির অধীনে বাস্তবায়নের কথা থাকলেও অগ্রগতি হয়েছে মাত্র দুটির ক্ষেত্রে। এর কারণ পিপিপি অব্যবস্থাপনাতে এবং আইনি কাঠামোর দুর্বলতা।
এছাড়া নির্ধারিত জিডিপি অর্জনে সরকারের আন্তরিকতায় ঘাটতি রয়েছে। ৬.৭ শতাংশ জিডিপি অর্জনে যে কর্মকাণ্ড হাতে নেয়া দরকার, সেরকম কোনো অর্থনৈতিক কর্মসূচি সরকারের কাছ থেকে আসেনি।
সিপিডির প্রতিবেদনে আরও বলা হয়, এডিবি বাস্তবায়নও সন্তোষজনক নয়। এডিবির আকার গতবছরের চেয়ে ৪৮ শতাংশ বাড়িয়ে ধরা হলেও গত ৬ মাসে অর্জন ৩০ শতাংশের নিচে।
দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতিকে ‘মিশ্র’ হিসেবে আখ্যায়িত করে সিপিডি বলেছে, শিল্প স্থাপনের জন্য মেয়াদি ঋণের পরিমাণ, কাঁচামাল আমদানি বেড়েছে, বেড়েছে কৃষিঋণ বিতরণের পরিমাণও। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে—যে আমদানি হয়েছে, তার ৪০ ভাগই কুইক রেন্টাল বিদ্যুত্ প্লান্টের যন্ত্রপাতি। কাজেই আমদানি বাড়ার ঘটনা দেশের শিল্পখাতে উত্পাদন বাড়াবে কিনা, তা নিশ্চিত করে বলা যায় না।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণের যে সিদ্ধান্ত নিয়েছে, তার সমালোচনা করেছে সিপিডি। সিপিডি বলেছে, মূল্যস্ফীতি কমানোর জন্য মুদ্রানীতি কার্যকর কোনো অস্ত্র নয়। যারা এটা মনে করেন, তারা বাস্তবতাবিবর্জিত। ঋণপ্রবাহ অব্যাহত রেখে বাজারে পণ্যের সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। অন্যদিকে বর্তমানে চালের দাম বৃদ্ধির ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে, আউশ ও আমনের উত্পাদন ভালো হয়েছে। বোরোর উত্পাদনও ভালো হবে ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। তাহলে চালের উত্পাদন বাড়িয়ে বলা হচ্ছে, নাকি দেশে জনসংখ্যার পরিমাণ আরও বেশি—এমন প্রশ্ন উত্থাপন করে সিপিডি কৃষি পরিসংখ্যানের ওপর বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।
সিপিডি মনে করে, বিদ্যুত্ ও জ্বালানি খাত দেশের অর্থনীতিতে দুষ্টচক্র তৈরি করছে। আর সমন্বয়হীনতার কারণে বিদ্যুত্ উত্পাদন পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০টি প্রকল্প থেকে জাতীয় গ্রিডে ১০২১ মেগাওয়াট নতুন বিদ্যুত্ যুক্ত হয়েছে। এর মধ্যে ১৬টি প্রকল্পের কাজ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শুরু হয়েছিল। বর্তমান সরকারের আমলে নেয়া প্রকল্প থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে। অন্যদিকে কুইক রেন্টাল পদ্ধতির মাধ্যমে যেসব বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রস্তুতি চলছে, তা কতটা ফলপ্রসূ হবে—তা নিয়ে প্রশ্ন তুলেছে সিডিপি। কারণ ওইসব বিদ্যুত্ কেন্দ্র থেকে অধিক দামে বিদ্যুত্ কিনতে হবে সরকারকে। যা এ খাতে সরকারের ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দেশের অর্থনীতিতে একটি দুষ্টক্ষত তৈরি করবে।
অন্যদিকে দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সংস্থার মতে, বাংলাদেশের অর্থনীতিতে বিকল্প বিনিয়োগের সুযোগ কম বলে সাধারণ জনগণ পুঁজিবাজারের দিকে ঝুঁকেছে। পুঁজিবাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পুঁজিবাজারে যে হারে প্রবৃদ্ধি হয়েছে, তা দেশের প্রকৃত অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পুঁজিবাজারে বর্তমান অস্বাভাবিক পরিস্থিতির পেছনে চারটি কারণ উল্লেখ করেছে সিপিডি। উত্পাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ কম থাকা, পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থার অদক্ষতা, ফটকাবাজি ও আর্থিক খাতে অসামঞ্জস্য পুঁজিবাজারে বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে সিপিডি মনে করে।
এদিকে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ১০০ কোটি ডলার ঋণ নেয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে সিপিডি বলেছে, এখন এ ধরনের ঋণ নেয়ার প্রয়োজন নেই। ঋণ নিলে সরকার তার ঘোষিত নীতি বাস্তবায়নে আইএমএফের শর্তের বেড়াজালে আটকে পড়বে। আর সরকার যদি ঋণ নেয় তাহলে তা যেন স্বচ্ছতা ও বিচক্ষণতার সঙ্গে করা হয়। সামষ্টিক অর্থনীতিতে এমন কোনো অস্থিতিশীলতা তৈরি হয়নি, প্রবৃদ্ধি ধরে টান দিতে হবে বা আইএমএফ থেকে ঋণ নিতে হবে। গত কয়েক বছর আইএমএফের নানা প্রস্তাবকে এড়িয়ে থেকেছে বাংলাদেশ। এখন কী কারণে এ ঋণের দরকার পড়ল—এ প্রশ্ন রেখে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ঋণ প্রবৃদ্ধির ধারাকে আরও বাধাগ্রস্ত করবে। সরবরাহকারী ঋণকে (সাপ্লায়ার্স ক্রেডিট) অর্থ সংগ্রহের সবচেয়ে দামি উত্স উল্লেখ করে দেবপ্রিয় বলেন, সরকার যখন একেবারেই নিরুপায় হয়ে পড়ে অর্থাত্ অর্থ সংগ্রহের আর কোনো উত্সই খোলা থাকে না, তখন সরবরাহকারী ঋণ নেয়ার দরকার পড়ে। কিন্তু বাংলাদেশে তেমন পরিস্থিতি তৈরি হয়নি এখনও।
আইএমএফের চেয়ে বরং বিশ্বব্যাংকের কাছ থেকে রেয়াতি শর্তে এবং দ্রুত ঋণ পাওয়া যায়, উল্লেখ করে কী শর্ত বা লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ নেয়া হচ্ছে, জনগণের সামনে তা পুরোপুরি প্রকাশ করা উচিত বলে মনে করেন দেবপ্রিয়। তবে তিনি এও মনে করেন, সব ধরনের আন্তর্জাতিক সংস্থা থেকেই ঋণ নেয়ার জন্য বিচক্ষণতার প্রয়োজন রয়েছে। ঋণ নেয়ার আগে অভ্যন্তরীণ উেসর মাধ্যমে প্রয়োজন মেটানো যায় কিনা তা বিবেচনা করা দরকার বলে দেবপ্রিয় মন্তব্য করেন।
অন্যদিকে ভারতের এক্সিম ব্যাংক থেকে সরবরাহকারী ঋণের বিষয়ে সিপিডি বলেছে, আজকাল শর্তায়িত উত্স থেকে পণ্য কেনার রীতি বিশ্বের কোথাও নেই। এ ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ‘কার্টেল’ করে পণ্যের দাম বাড়ানোর নজির আছে। ক্রয় প্রত্রিক্রয়া যাতে স্বচ্ছ থাকে সেদিকে নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিডি।
সরকার চলতি অর্থবছরে অর্থনীতিতে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জন করা সম্ভব বলে সিপিডি মনে করে। তবে তা অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে বিনিয়োগ পরিস্থিতি ও গ্যাস, বিদ্যুতের সঙ্কট কতটা নিরসন হয় তার ওপর।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার প্রসঙ্গে সিপিডি বলেছে, শুরুর দিকে এটা ভালো থাকলেও এখন আবার শ্লথ হয়ে গেছে। এ বছর এডিপির আকার সঠিকভাবেই বাড়ানো হয়েছিল। কিন্তু বাস্তবায়ন করতে পারাটা অবশ্যই বৈপ্লবিক চিন্তা। তবে এ জন্য যে বৈপ্লবিক পদক্ষেপ দরকার, তা আর হয়নি। প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। ফলে তৈরি হয় নানা অভিঘাত। এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া পাঁচ খাতে সবচেয়ে কম বাস্তবায়ন হয়েছে। বিদ্যুত্ বিভাগে কম অগ্রগতির কথা উল্লেখ করে দেবপ্রিয় বলেন, বাস্তবায়নের এ যদি হাল হয়, তাহলে বরাদ্দ নীতিমালা পুনর্বিবেচনা করতে হবে কিনা বা স্বঅর্থায়ন প্রকল্পের দিকে যেতে হবে কিনা তা ভাবতে হবে।
সিপিডি বলেছে, এডিপি বাস্তবায়নে রাজনৈতিক নজরদারি থাকলেও কারিগরি নজরদারি নেই। এনবিআরের বৃহত্ করদাতা ইউনিট-এলটিইউর মতো বৃহত্ প্রকল্প ইউনিট-এলপিইউ এখনও দৃশ্যমান নয়। পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যয় করতে না পারাটাও সরকারের জন্য একটি বাড়তি চাপ।
সিপিডি বলেছে, অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত মূল্যস্ফীতি সাত শতাংশ। এখন কিছুটা নিম্নমুখী হলেও তা স্থায়ী রূপ লাভ করবে কিনা—তা দেখার বিষয়। সম্প্রতি চালের দাম বেশ ওঠানামা করছে। পাইকারি ও খুচরা মূল্যে পার্থক্য অনেক বেশি। অথচ কৃষক দাম পাচ্ছে না। বোঝা যাচ্ছে, দাম বাড়া-কমার ওপর মিলার ও মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ অনেক বেড়ে গেছে। আগামী দিনে সুদের হার বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সিপিডি। মূল্যস্ফীতি যদি সাত শতাংশ হয় আর সুদের হার যদি ১০ শতাংশ হয়, তাহলে প্রকৃত সুদের হার দাঁড়ায় তিন শতাংশ। সুতরাং সুদের হার বাড়বেই।
চালের দাম বাড়া প্রসঙ্গে সিপিডি আরও বলেছে, কৃষি-অর্থনীতির গতি-প্রকৃতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা জানার কায়দা নেই। কারণ এ বিষয়ে কোনো গবেষণা নেই। উত্পাদন খরচ বেড়েছে কিনা, নাকি চালের উত্পাদনই বাড়িয়ে বলা হচ্ছে, নাকি জনসংখ্যা কমিয়ে বলা হচ্ছে ইত্যাদি প্রশ্ন রয়ে গেছে। কৃষি পরিসংখ্যানকে গভীরভাবে বিশ্লেষণ না করা হলে খাদ্য নিরাপত্তার সব পদক্ষেপই কার্যকারিতা হারাবে বলে মনে করে এ গবেষণা সংস্থা।

বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক



জাকির হোসেন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে নেতিবাচক ও হতাশাব্যঞ্জক মন্তব্য করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বেসরকারি রাজনৈতিক ও অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানও বাংলাদেশে গণতন্ত্রের অভাব, ব্যবসা-বাণিজ্যে বাধা এবং অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর বলে জানিয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ রিপোর্টেও দ্রব্যমূল্য বৃদ্ধির উচ্চ হারকে উদ্বেগজনক হিসেবে বলা হয়েছে।
বিশ্বে বহুল পরিচিত যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির কান্ট্রি প্রোফাইল সিরিজে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা সহিংসতায় রূপ নিয়েছে এবং গত কয়েক বছরে কয়েকশ’ লোক নিহত হয়েছে। বিরোধী দলের সভা সমাবেশ এবং জনসভার ওপর হামলা করা হয়েছে। এসব হামলা বিরোধীদলীয় জ্যেষ্ঠ নেতাদেরও লক্ষ্য করে করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সমালোচিত হয়েছে। বিশেষ করে নারীদের ওপর আক্রমণ বিশেষ উদ্বেগের সঞ্চার করেছে এবং পুলিশ হেফাজতে থাকা বন্দিদের ওপর শারীরিক অত্যাচারের অভিযোগ উঠেছে। কয়েক সপ্তাহ আগে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচকে বাংলাদেশ সরকারকে রাজনৈতিকভাবে সংকর জাতীয় শ্রেণীতে রাখা হয়েছে। এই সূচকে চারটি শ্রেণী আছে। সর্বোত্তম হলো পূর্ণ গণতন্ত্র। তারপরে ত্রুটিযুক্ত গণতন্ত্র। এরপর সংকর জাতীয় সরকার এবং চতুর্থ বা শেষ ধাপ হলো স্বেচ্ছাচারী সরকার। এ বছর ইআইইউ গণতন্ত্র সূচকে সর্বোচ্চ বিভাগে ২৬টি, দ্বিতীয় ধাপে ৫৩টি, তৃতীয় ধাপে ৩৩টি এবং চতুর্থ ধাপে ৫৫টি দেশ রয়েছে। এই তালিকায় ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩তম। আগের বছরের তুলনায় বাংলাদেশ অল্প কয়েক ধাপ এগিয়েছে। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত ফ্রিডম হাউস ২০১০ সালের শুরুতে ২০০৯-এর যে সূচক প্রকাশ করেছিল তাতে নাগরিক অধিকারের (সিভিল লিবার্টি) ক্ষেত্রে বাংলাদেশ ৭ এর মধ্যে ৪ এবং রাজনৈতিক অধিকারে ৭ এর মধ্যে ৩ পেয়েছিল। সেজন্য সংস্থাটি বাংলাদেশকে আংশিক মুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছিল। ফ্রিডম হাউসের এই সূচকে সবচেয়ে কম অর্থাত্ এক নম্বর পেলে গণতন্ত্রের দিক থেকে সবচেয়ে ভালো আছে বলে ধরা হয়।
সংবাদপত্র জগত্ সম্পর্কে ফ্রিডম হাউসের ফ্রিডম অব প্রেস তালিকায় বাংলাদেশের রেটিং ছিল ৬৩তম অবস্থান। এ কারণে ফ্রিডম হাউস ২০০৯ সালে বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন নয় শ্রেণীতে অন্তর্ভুক্ত করে।
এদিকে ইন্টারনেটে প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর প্রতিষ্ঠান ‘দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক’-এ বাংলাদেশ সরকারকে অযোগ্য এবং বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে। এতে বাংলাদেশের অর্থনীতি অংশে বলা হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা, নিম্নমানের অবকাঠামো, দুর্নীতি, অপ্রতুল বিদ্যুত্ সরবরাহ এবং অর্থনৈতিক সংস্কারের ধীরগতি সত্ত্বেও দেশটির অর্থনীতি ১৯৯৬ সাল থেকে বছরে শতকরা ৫ থেকে ৬ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ এখনও একটি দরিদ্র, অতিরিক্ত জনসংখ্যায় ভারাক্রান্ত এবং অযোগ্যভাবে শাসিত দেশ হয়ে রয়েছে। এদিকে বিশ্বব্যাংক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রিপোর্টে বলেছে, ২০০৯ অর্থবছরে মূল্যস্ফীতি যেখানে শতকরা ৭ ছিল ২০১০ অর্থবছরে এ হার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৭ দশমিক ৩ শতাংশ। এই সময়ে মূল্যস্ফীতি মার্চ, এপ্রিল (২০১০) ছাড়া প্রত্যেক মাসে বেড়েছে এবং জুন মাসে (২০১০) তা ৮ দশমিক ৭ শতাংশে পৌঁছে। এই সময়ে পল্লী অঞ্চলে খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির হার দাঁড়ায় শতকরা ১০ দশমিক ৪ ভাগ। আর নগরাঞ্চলে জুন মাসে (২০১০) খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি শতকরা ১২ মাত্রায় উঠে যায়। ২০১০ সালে ঢাকায় মোটা চালের যে দাম ছিল তা ২০০৯ সালের তুলনায় শতকরা ৫০ ভাগ বেশি।
এরই মধ্যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন ও বিশ্বব্যাংকের ‘ডুই বিজনেস’ প্রকল্পের ‘ইজ ডুইং বিজনেস’—ব্যবসার সুবিধা রিপোর্টে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দেশের মধ্যে ১০৭তম স্থানে রয়েছে। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টস বুকে (২০০৯) বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগের পরিমাণকে জিডিপির মাত্র ২৮ দশমিক ২ ভাগ বলে দেখানো হয়েছে
।

দলীয়করণে ভঙ্গুর জনপ্রশাসন : ওএসডি পদোন্নতিবঞ্চনা আর চুক্তিভিত্তিক নিয়োগে বছরজুড়ে অস্থিরতা




এম এ নোমান

নির্বিচারে ওএসডি, পদোন্নতিতে দলীয়করণ-আঞ্চলিকীকরণ আর ব্যাপকহারে চুক্তিভিত্তিক নিয়োগের ফলে বিগত বছরজুড়ে জনপ্রশাসনে অস্থিরতা বিরাজ করছে। মেধাবী ও যোগ্যতাসম্পন্ন শত শত কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় ওএসডি এবং প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করার ফলে কার্যত ভঙ্গুর হয়ে পড়েছে প্রশাসন। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রশাসনের সর্বক্ষেত্রে সরকারি দলের নেতাকর্মী, সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব-সংঘাত ছিল গত বছরের পুরোটা সময়। পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্যসহ শাসক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হাতে শারীরিকভাবে নির্যাতনের শিকার হন। অপেক্ষাকৃত অদক্ষ, অনভিজ্ঞ ও জুনিয়র কর্মকর্তারা শীর্ষপদে অবস্থান করায় প্রশাসনজুড়েই এখন বিশৃঙ্খলা বিরাজ করছে বলে মনে করেন প্রশাসনের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ বিশিষ্টজনরা।
প্রশাসনের দলীয়করণ ও সরকারি দলের নেতাকর্মীদের হস্তক্ষেপ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ আমার দেশকে বলেন, মেধাবী, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা কেউ ওএসডি, কেউবা পদোন্নতিবঞ্চিত হয়ে হতাশাগ্রস্ত হয়েছেন। অন্যদিকে অপেক্ষাকৃত অনভিজ্ঞ, অদক্ষ ও জুনিয়র কর্মকর্তারা রাজনৈতিক বিবেচনায় এখন প্রশাসন চালাচ্ছেন। এতে করে প্রশাসনজুড়েই একটি স্থবির অবস্থা বিরাজ করছে। প্রশাসনকে মেধার ভিত্তিতে গড়ে না তুললে দেশে সুশান কোনো অবস্থায়ই আশা করা যায় না। বর্তমানে যে প্রশাসন রয়েছে তা দিয়ে দেশের উন্নয়নও সম্ভব নয়। আমাদের দুর্ভাগ্য, কোনো সরকারের কাছ থেকেই আমরা একটি রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন পাইনি। অথচ বর্তমান সরকার তার আগের সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে নিজেরা দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছিল। তিনি বলেন, প্রশাসনকে সবচেয়ে কলুষিত করে ফেলেছেন সরকারের জনপ্রতিনিধিরা। একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে সংসদে আইন পাস করা। অথচ তারা এখন সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে প্রশাসনের ওপর খবরদারি করতেই বেশি পছন্দ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন। পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে তারই প্রভাব পড়েছে।
নির্বাচনী ওয়াদা অনুযায়ী সরকার প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত না করে বরং দলীয়করণের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। আমার দেশকে তিনি বলেন, দেশের প্রশাসনের বর্তমান অবস্থা দেখলে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সরকার চাইছে প্রশাসনে সম্পূর্ণ দলীয়করণ করতে। যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনাই পদোন্নতির মাপকাঠি হওয়ায় জনপ্রশাসনের কর্মকর্তারাও এখন রাজনৈতিক লেজুড়বৃত্তি করতে পছন্দ করেন। এটা বড়ই দুর্ভাগ্য ও পরিতাপের বিষয়। আগের সরকার যখন কোনো কর্মকর্তাকে ওএসডি করত, বর্তমান সরকারি দলকে তার তীব্র সমালোচনা করতে দেখেছি। নির্বাচনের সময় যখন বর্তমান ক্ষমতাসীনরা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবেন বলে অঙ্গীকার করেছিলেন, তখন আমরা বেশ আশাবাদী হয়েছিলাম। এখন প্রশাসন নিয়ে সরকারের কর্মকাণ্ডে হতাশই হতে হয়। আগের তুলনায় প্রশাসনে রাজনীতিকরণ আরও বেড়েছে। এভাবে চলতে থাকলে প্রশাসনে শৃঙ্খলা বলতে আর কিছুই থাকবে না। প্রশাসনিক সংস্কার এখন অতিজরুরি হয়ে পড়েছে।
দৃশ্যপট সচিবালয় : দেশের প্রশাসনের মূলকেন্দ্র সচিবালয়ের অভ্যন্তরের দৃশ্য দেখলে যে কেউ এটাকে আওয়ামী লীগের দলীয় অফিস হিসেবেই বিবেচনা করবেন। সচিবালয়ের ভবনগুলোর দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের দলীয় স্লোগান সংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার শোভা পাচ্ছে। সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত বিভিন্ন সংগঠন দলীয় ব্যানারে সভা-সমাবেশ করে। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের দিন থেকে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে ‘জয় বাংলা-জয়বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মন্ত্রীদের গ্রহণ করেন। সচিবালয়ের ওইদিনের দৃশ্য দেখে অনেক মন্ত্রীই বিস্ময় প্রকাশ করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় ওইদিন সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গীকার হচ্ছে সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলা। দেশকে এগিয়ে নিতে হলে নিরপেক্ষ ও মেধাবী জনপ্রশাসন প্রয়োজন। আজ যারা জয়বাংলা স্লোগান দিয়ে আমাদের বরণ করে নিয়েছে, এরাই হয়তো ভবিষ্যতে আবার বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে বিএনপি অথবা অন্য দলের সরকারকে বরণ করে নেবে। কোনো অবস্থায়ই প্রশাসনকে রাজনৈতিক লেজুড়বৃত্তি করতে দেয়া হবে না।’ মন্ত্রীর এ ঘোষণার দুই বছর পরে এসে সচিবালয়ে রাজনৈতিক পোস্টার আর ফেস্টুনের সংখ্যা বেড়েছে। সচিবালয়ের এক প্রবীণ কর্মচারী আমার দেশকে বলেন, চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সচিবালয়ের অভ্যন্তরে দলীয় স্লোগান আর পোস্টার-ফেস্টুন এই প্রথম দেখলাম।
৮৫১ কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত : বর্তমান মহাজোট সরকারের সময়ে এ পর্যন্ত ১ হাজার ২৭৮ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। দলীয় বিবেচনায় এদের পদোন্নতি দিতে গিয়ে সব ধরনের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ৮৫১ জন কর্মকর্তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। গত বছর ৭ সেপ্টেম্বর একযোগে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে ৫০৩ জনকে পদোন্নতি দিতে গিয়ে ৫৫৩ জনকে বঞ্চিত করা হয়। প্রশাসনের জন্য এ ঘটনাকে ‘সুনামি’ হিসেবে চিহ্নিত করে ওই সময় বঞ্চিতদের মধ্য থেকে যারা প্রতিবাদ করেছিলেন তাদের অনেকের বিরুদ্ধে পরে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গত বছরের ৬ জুলাই সচিব পদে ৮ জনকে পদোন্নতি দিতে গিয়ে ৩০ জনকে বঞ্চিত করা হয়েছে। গত ১০ আগস্ট সচিব পদে ৯ জনকে পদোন্নতি দেয়ার সময় বাদ দেয়া হয়েছে ১০ জনকে। ২১ নভেম্বর ২৬৬ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়ার সময় প্রায় দুইশ’ কর্মকর্তাকে তাদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। গত মাসে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ২১৫ জনকে পদোন্নতি দেয়া হয়। এতে বঞ্চিত হন ১৪৭ কর্মকর্তা।
ওএসডি অস্ত্রে কুপোকাত ৪৮৫ কর্মকর্তা : বর্তমান মহাজোট সরকার গত ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনে মেধাবী হিসেবে পরিচিত ৪৫৮ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় ওএসডি করেছে। এর মধ্যে সচিব পদে ৯ জন, অতিরিক্ত সচিব পদে ৩৪ জন এবং যুগ্ম সচিব পদে রয়েছেন ১৮৩ জন। এদের মধ্যে কেউ কেউ সরকারের শুরু থেকেই ওএসডি অবস্থায় রয়েছেন। এ সময়ে সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রায় সাড়ে তিনশ’জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। ওএসডি হওয়া এক কর্মকর্তা বলেন, কর্মকর্তাদের ওএসডি করে মাসের পর মাস কর্মহীন অবস্থায় ফেলে রাখার ফলে রাষ্ট্র ও প্রশাসন উভয়ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে একটি হতাশা চলে আসে। চাকরি করেও অনেকে নিজেকে ছোট ভাবতে থাকেন। ওএসডির শিকার সচিব পর্যায়ের এক কর্মকর্তা আমার দেশকে বলেন, আত্মীয়স্বজনসহ পরিচিতদের কাছে গেলে নিজেকে খুবই অপরাধী মনে হয়। ওএসডি হওয়া কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি বলেন, তারা জীবনে প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছেন। রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে প্রশাসনে প্রবেশ করেছেন। প্রশাসনে মেধাবী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পাওয়া এসব কর্মকর্তাও এখন ওএসডি হয়ে কর্মহীন অবস্থায় রয়েছেন।
প্রশাসনে অবাঞ্ছিত হস্তক্ষেপ : প্রশাসনের ওপর অবাঞ্ছিত হস্তক্ষেপ করে শাসক দলের নেতাকর্মীদের টেন্ডার বাক্স ছিনতাই, সরকারি উন্নয়ন কাজ নিয়ে ভাগবাটোয়ারা, সরকারি বরাদ্দ থেকে চাঁদাবাজি, নিয়োগবাণিজ্য, বালু-জলমহাল ও বাজার ইজারা বাগিয়ে নেয়াসহ বিভিন্ন অপকর্ম ছিল বছরজুড়ে আলোচনার শীর্ষে। দেশের অনেক স্থানেই ডিসি, এসপি, ইউএনওদের ওপর সরকারি দলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। গত ১৭ সেপ্টেম্বর পাবনায় তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার সময় ডিসি ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের কথা না শোনায় তার ওপর বর্বর হামলা হয়। এ ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। সরকার অবশ্য কয়েকদিন পরে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরিবর্তে উল্টো পাবনার সরকারি কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি করে। প্রশাসনের ওপর সরকারি দল এবং তাদের ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের হস্তক্ষেপ, দেশব্যাপী টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, হল দখল, সরকারি জায়গাজমি দখলসহ নানা অপকর্মের ব্যাপারে সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, ‘দেশ আজ বাজিগরদের হাতে জিম্মি হয়ে পড়েছে। বাজিগরদের হাত থেকে দেশ, দেশের মানুষ ও প্রশাসন কেউই নিরাপদে নেই।

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু উপেক্ষিত সংসদে



এমরান হোসাইন

গেল বছরে জাতীয় সংসদ চলেছে একতরফাভাবে। সংসদে উপেক্ষিত হয়েছে জাতীয় জনগুরুত্বপূর্ণ ইস্যু। সরকারি দল সংসদকে অকার্যকর মানতে না চাইলেও বিরোধী দলবিহীন সংসদ কার্যত অকার্যকরই ছিল। সংসদের অকার্যকর পরিস্থিতির জন্য সরকার ও বিরোধী দল একে অপরকে দায়ী করে এসেছে। সরকারি দল বলেছে, বিরোধী দল সংসদকে অকার্যকর করতে দুরভিসন্ধিমূলকভাবে সংসদ বর্জন করেছে। অপরদিকে বিরোধী দলের অভিযোগ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে সরকারি দল পরিকল্পিতভাবেই সংসদকে অকার্যকর করে রেখেছে। জনগণের টাকায় পরিচালিত এই সংসদে জনস্বার্থের পরিবর্তে সরকারি দল ও দলীয় প্রধানের স্তুতি এবং বিরোধী দলের বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তৃতায় ব্যস্ত ছিল বলেও বিরোধী দলের অভিযোগ। গত বছরের প্রথম তথা নবম সংসদের ৪র্থ অধিবেশনের শেষদিকে বিরোধী দল যোগ দিয়ে সংসদে কিছুটা উত্তাপ ছড়ালেও বছরের বাকি দিনগুলোতে সংসদ ছিল নিষ্প্রাণ। সংসদ কার্যক্রমে অংশ নেয়ার ব্যাপারে সরকারি দলের সদস্যদের মাঝেও ছিল অনীহা। অধিবেশন চলাকালে অনেকে মোবাইলে কথা বলা, একে অন্যের সিটে গল্পগুজব ও পত্রিকা পড়ে সময় কাটিয়েছেন। এসব অসংসদীয় কার্যক্রমের জন্য ক্ষুব্ধ হয়ে স্পিকারকে একাধিকবার রুলিং দিতে দেখা গেছে।
নবম সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদে যোগ দিয়ে বিরোধী দল সুন্দর এক নজির সৃষ্টি করলেও পরবর্তীতে ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বিরোধী দলের অনুপস্থিতির জন্য সরকারি দলের সদস্যদের মধ্যে যেমন সংসদ কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপারে দিন দিন অনীহা বাড়ছে তেমনি জনগণও সংসদের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে। জাতীয় সংসদও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পরিপূর্ণভাবে সফল হতে পারেনি। সংসদে বিরোধী দলের অনুপস্থিতিসহ সংসদকে অকার্যকর রাখার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা সরকার ও বিরোধী দল উভয়কে দায়ী করেছেন।
২০০৯ সালের ২৫ জানুয়ারি শুরু হওয়া নবম জাতীয় সংসদের এ পর্যন্ত ৭টি অধিবেশন শেষ হয়েছে। ১৭৪ কার্যদিবসের এ অধিবেশনে বিরোধী দল ৪৫ দিন উপস্থিত ছিল। এ সময় বিল পাস হয় ১৩০টি। বিলগুলোর মধ্যে প্রথম অধিবেশনে ৩২টি, দ্বিতীয় অধিবেশনে ১১টি, তৃতীয় অধিবেশনে ১১টি, গত বছর অনুষ্ঠিত চতুর্থ অধিবেশনে ২৩টি, পঞ্চম অধিবেশনে ২৪টি, ষষ্ঠ অধিবেশনে ১৩টি ও সপ্তম অধিবেশনে ৪টি বিল পাস হয়। এদিকে নবম সংসদের ৭টি অধিবেশনের মধ্যে গত বছর অনুষ্ঠিত হয় ৪টি অধিবেশন। এ সময় চলা ৮৮ কার্যদিবসের বিরোধী দল উপস্থিত ছিল ২৩ দিন। শেষ তিনটি অধিবেশনে বিরোধী দল মাত্র ১ দিন সংসদে গিয়েছে। গত বছর সংসদে ৬৪টি বিল পাস হয়। এর মধ্যে বেশকিছু আলোচিত ও বিতর্কিত বিলও রয়েছে। এগুলো হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিসহ অন্যদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ৬টি বিল। এই বিল পাসের মাধ্যমে সংশ্লিষ্টদের বেতন-ভাতা ৮৩ শতাংশ বৃদ্ধি পায়। গত বছর ৪ এপ্রিল বিলটি পাসের প্রতিবাদ জানিয়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। এছাড়া আলোচিত অন্য বিলের মধ্যে রয়েছে বরিশালে জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রণীত শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, দ্রুত বিচার আইন, জ্বালানি ও বিদ্যুত্ খাতে সরকারি কর্মকর্তাদের ইমডেমনিটি দিয়ে প্রণীত আইন, বিডিআরের নাম পরিবর্তন করে প্রণীত বর্ডার গার্ড আইন ইত্যাদি। সংসদে অনেক বিল কোনো ধরনের আপত্তি ছাড়াই পাস হয়েছে। কোনো ধরনের বিরোধিতা না থাকায় স্পিকারকে একাধিকবার উষ্মা প্রকাশ করতে দেখা গেছে। স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট সংসদ কার্যক্রম চলাকালে সদস্যদের ভাষা ও শব্দ চয়নেরও সমালোচনা করেছেন। গত ১২ ডিসেম্বর এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, কিছু সংসদ সদস্যের ভাষার কারণে সংসদে পরিবেশ নষ্ট হচ্ছে। সংসদের এমন পরিবেশ ধীরে ধীরে দেশের পরিবেশ নষ্ট করে বলেও তিনি ওই সময় মন্তব্য করেন।
এদিকে সংসদে প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর সদস্যরা গত বছরের ৪টি অধিবেশনে তিন শতাধিক মুলতবি প্রস্তাব দিলেও তার একটিও গৃহীত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভারতকে ফ্রি ট্রানজিট দেয়া, বিএসএফের হাতে বাংলাদেশীদের হত্যা-নির্যাতন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র বিদ্যুত্ সঙ্কট, ছাত্রলীগের টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তিবাণিজ্যসহ নানা অপকর্ম, রাজধানীর অসহনীয় যানজট, জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিক নির্যাতন ও মিডিয়া দলন, রিমান্ডে নির্যাতন, বাংলাদেশের ভূমিতে ভারতীয় পতাকা উত্তোলন, মিথ্যা হলফনামা দিয়ে সরকারি দলের এমপিদের রাজউকের প্লট গ্রহণসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এসব মুলতবি প্রস্তাব সংসদে নাকচ হয়ে যায়। সর্বশেষ সপ্তম সংসদে মাত্র ৫ মিনিটে বিরোধী দলের সদস্যদের ৬০টি মুলতবি প্রস্তাব নাকচ করা হয়। কেবল মুলতবি প্রস্তাবই নয়, জরুরি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ৭১ বিধিতে জমা দেয়া নোটিশ প্রতিদিন নিষ্পত্তি করা হলেও বিরোধীদলীয় সদস্যদের প্রতি বিমাতাসুলভ আচরণের ঘটনা ঘটেছে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত তাদের নোটিশও গ্রহণ করা হয়নি।
গত এক বছরের সংসদ কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, অধিবেশনে বক্তব্যের সিংহভাগজুড়ে সংসদ নেতা থেকে শুরু করে সরকারি দলের মন্ত্রী, নেতা ও সংসদ সদস্যরা বিগত জোট সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া, তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরেক ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে শালীনতাবর্জিত ভাষায় বিষোদগার করেছেন। বিরোধী দলের সদস্য এমনকি বিরোধীদলীয় নেতা সংসদে উপস্থিত থাকলে এ ধরনের বিষোদগারের মাত্রা আরও তীব্রতর হয়। এ ক্ষেত্রে স্পিকার কোনো বাধা তো দেনইনি বরং নির্ধারিত সময় বাড়িয়ে দেয়ারও নজির রয়েছে। সর্বশেষ সপ্তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা বিরোধীদলীয় নেতার ক্যান্টনমেন্টের বাড়ি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাড়ির বাথরুম-টয়লেট নিয়েও কথা বলেন। ওই ভাষণে বাড়ি থেকে বিরোধীদলীয় নেতার জিনিসপত্র নেয়া প্রসঙ্গে লাউশাক তুলে নেয়ার প্রসঙ্গও নিয়ে আসা হয়। পক্ষান্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের কোনো সমালোচনা করামাত্রই সরকারদলীয় সদস্যদের ধমক, তুমুল হৈ চৈ ও হট্টগোল শুরু হয়। এ বছরের প্রথম অধিবেশনে বিরোধী দল যোগ দেয়ার পর তাদের ওপর সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক কথাবার্তা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
তবে, এসবের মধ্যেও গেল বছর সংসদে বেশকিছু ইতিবাচক কর্মকাণ্ড হয়েছে। সংসদের অধিবেশনে না গেলেও বিরোধীদলীয় সদস্যরা নিয়মিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিয়ে ভূমিকা রেখেছেন। সংসদ কার্যক্রমে আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়া লেগেছে। গত বছরই প্রথম ডিজিটাল পদ্ধতিতে পাওয়ার পয়েন্টে বাজেট উপস্থাপন করা হয়। সদস্যদের বক্তৃতার সময় নিয়ন্ত্রণ ও প্রশ্ন বাছাইয়ে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।
গত এক বছরের সংসদ কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। সরকার পরিকল্পিতভাবেই সংসদকে অকার্যকর করে রেখেছে। জনগুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মুলতবি প্রস্তাব নাকচ করে দিয়ে একতরফাভাবে সংসদ চালানো হয়েছে। জাতীয় ইস্যুতে আলোচনার সুযোগ দেয়া হয়নি।
এদিকে সংসদকে অকার্যকর আখ্যায়িত করে বিরোধী দলের দেয়া বক্তব্যকে নাকচ করে দিয়ে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, দুই বছরে জনুরুত্বপূর্ণ ১৩০টি আইন পাসই প্রমাণ করে সংসদ কার্যকর। তিনি বলেন, সংসদে বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে। কাজেই সংসদকে অকার্যকর বলার কোনো সুযোগ নেই। তবে, এটা ঠিক যে বিরোধী দল সংসদে এলে সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে।
বিরোধী দলই বর্জন করে সংসদকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
বিরোধী দল সংসদে না এসে জনগণের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন বছরের প্রথম অধিবেশনে বিরোধী দল যোগ দেবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা সংসদে জনগণের প্রত্যাশা পূরণে কাজ চালিয়ে যাচ্ছি। জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি আমরা একে একে পালন করে যাব
।